ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে। পরীক্ষার আবেদনপত্র ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।
সভার পর কোষাধ্যক্ষ ড. শওকত জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, ৬ নভেম্বর (খ-ইউনিট) কলা অনুষদের, ১৩ নভেম্বর (গ-ইউনিট) বাণিজ্য অনুষদের, ২০ নভেম্বর (ক-ইউনিট) বিজ্ঞান অনুষদের এবং ২৭ নভেম্বর (ঘ-ইউনিট) সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সব পরীক্ষা বিকেলে অনুষ্ঠিত হবে ।
এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ২৮টি বিভাগে মোট ২৫ শ' ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/২১৫০ঘ.
bdnews24