ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম বদল এবং সারাদেশে ছয়টি আঞ্চলিক কেন্দ্র করার সুপারিশ এসেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে গঠিত কমিটি এসব সুপারিশ করে বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মো. নজরুল ইসলাম।
১১ সদস্যের ওই কমিটির অপর সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে 'ন্যাশনাল এফিলিয়েটিং ইউনিভার্সিটি' করাসহ মোট ছয়টি সুপারিশ করেছে।
অধ্যাপক নজরুল সাংবাদিকদের জানান, এ প্রতিবেদনে তিনটি মূল সুপারিশসহ মোট ছয়টি সুপারিশ করা হয়েছে।
মূল প্রস্তাবগুলো হলো- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের ছয়টি বিভাগে ছয়টি বা তারও বেশি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করে সংশ্লিষ্ট এলাকার কলেজগুলোকে এ সব কেন্দ্রের অধীনে আনা।
এর মধ্যে ঢাকা বিভাগীয় কেন্দ্রটি বিশ্ববিদ্যালয়ের গাজীপুরে অবস্থিত মূল ক্যাম্পাসের অভ্যন্তরে স্থাপিত হতে পারে বলে মত প্রকাশ করেছে কমিটি।
বুধবার জমা দেওয়া জাতীয় শিক্ষানীতি ২০০৯ এর প্রতিবেদনেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য দেশের প্রত্যেক বিভাগে আঞ্চলিক কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়েছে।
কিছুদিন আগে সরকারের পক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে আগের মতো ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার কথা উঠেছিল।
এ বিষয়ে সংস্কার কমিটির মত হলো, কলেজগুলোর দায়িত্ব পুনরায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যস্ত করার মাধ্যমে জাতীয় বিশ্বদ্যিালয়ের বিকেন্দ্রীকরণ কার্যকর করা বাস্তবসম্মত নয় বরং যথেষ্ট কণ্টকাকীর্ণ ও ঝুঁকিপূর্ণ।
দ্বিতীয় সুপারিশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে শিক্ষক প্রশিক্ষণ ও বিভিন্ন বুনিয়াদি কোর্স অব্যহত রাখা যেতে পারে। তবে এখানে স্নাতক (পাস বা সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি (এমফিল, পিএইচডি) পর্যায়ের কোনও শিক্ষা কার্যক্রম পরিচালনা না করার সুপারিশ করা হয়েছে।
বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি চালু রয়েছে।
তৃতীয় সুপারিশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতি রোধ করতে হবে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে যথাযথ আইনানুগ ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
মূল এ তিনটি সুপারিশ ছাড়া অন্য সুপারিশগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে 'ন্যাশনাল এফিলিয়েটিং ইউনিভার্সিটি' করা, দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোর ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ সরকারি কলেজগুলোকে ভবিষ্যতে নির্ধারিত মাপকাঠির ভিত্তিতে ক্রমান্বয়ে পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইনস্টিটিউটগুলোকে গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ব্যবস্থাপনায় রাখা।
তবে কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়টির বর্তমান নাম বহাল রাখার পক্ষে মত দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদন পাওয়ার পর শিক্ষামন্ত্রী সাংবাদিকের বলেন, "কিছু প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই এ প্রতিবেদন বাস্তবায়নের কাজ শুরু করা হবে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ প্রতিবেদন প্রথমে তার কাছে জমা দেওয়া হবে। এরপর তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। প্রয়োজনে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করা হবে।"
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে নাহিদ বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি এতটাই বেশি ছিল যে এখানে পুরোপুরি শিক্ষা ব্যবস্থাই দুর্নীতিতে ডুবে ছিল। দুর্নীতি দূর করার জন্য বর্তমান উপাচার্যসহ সরকার কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অনিয়ম দূর করতে তদন্ত কমিটি কাজ করছে।"
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কারের জন্য গত ২৫ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মো. নজরুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ বিভিন্ন বিশ্বদ্যালয়ের উপাচার্যরা ছিলেন।
ইউজিসি চেয়ারম্যান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ১৭৬০টি কলেজে ১২ লাখের মতো শিক্ষার্থী রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এমআই/১৮০০ ঘ.
bdnews24