২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের ওপর হামলার অভিযোগে বহিস্কৃত চার ছাত্রলীগ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে লাগাতার কর্মসূচী দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 01:46 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

চট্টগ্রাম, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের ওপর হামলার অভিযোগে বহিস্কৃত চার ছাত্রলীগ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে লাগাতার কর্মসূচী দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্বরে প্রায় শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘোষণা দেয়। শিক্ষকের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার ছাত্রলীগের ওই নেতাকর্মীদের বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন মউর দোকান থেকে মিছিল শুরু করে রেলস্টেশন চত্ত্বর প্রদক্ষিণ শেষে স্টেশন চত্ত্বরে সমাবেশ করে ছাত্রলীগ। এসময় ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ, আমর্ড পুলিশ ও র‌্যাব সদস্য উপস্থিত ছিলেন। সমাবেশস্থলে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত থাকলেও কর্মসূচীতে তারা কোন বাধা দেননি। সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামসেদ মৌন মিছিল চলাকালে শিক্ষকদের সঙ্গে ঘটা 'অনভিপ্রেত ঘটনার' জন্য ওই শিক্ষকদেরই দায়ী করেন। মৌন মিছিল চলাকালে একজন সহকারি প্রক্টর ছাত্রলীগকে পুলিশ দিয়ে পেটানোর হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। ব্যানার টানাটানি করতে গিয়ে হয়ত কারও গায়ে 'একটু ধাক্কা লাগতে পারে' বলে দাবি করেন তিনি। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন অন্যায়ভাবে তাদের নেতাকর্মীদের বহিস্কার করা হয়েছে দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই বহিষ্কারাদেশ প্রশাসনকে প্রত্যাহার করতে হবে। তা না করা হলে আমাদের আন্দোলন কর্মসূচী চলবে এবং আমরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আদালতে যাব।" নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রলীগ মঙ্গলবার ক্যাম্পাসে মিছিল বের করলে প্রক্টরসহ কয়েকজন শিক্ষক বাধা দেন। তখন ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে ওই শিক্ষকরা অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএ/এসকে/১৯৫১ঘ.