২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি গ্রুপের সংঘর্ষে জড়িত অভিযোগে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

সিলেট, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি গ্রুপের সংঘর্ষে জড়িত অভিযোগে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুর রউফ নামে ওই ছাত্রলীগ কর্মীকে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের আরিফ-মলয় গ্রুপের কর্মী। রোববার রাতে ক্যাম্পাসে রাজু-আসাদ গ্রুপের ওপর আরিফ-মলয় গ্রুপের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। হামলার পর জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাজু-আসাদ-সৌমিত্র-সুমন গ্রুপের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়। তা না হলে ক্যাম্পাসে ধর্মঘট ডাকা হবে বলেও হুমকি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুশান্ত কুমার দাসকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু বলেন, রোববারের সংঘর্ষের ঘটনায় জড়িত আরিফ-মলয় গ্রুপের ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হবে। অন্যদিকে আরিফ-মলয় গ্রুপের নেতা মাসুদ হাসান আরিফ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একচেটিয়াভাবে একটি গ্রুপের ইন্ধন দিয়ে ক্যম্পাসের পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২২৪ ঘ.