ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে সম্মান প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
পরীক্ষার আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে আগামী ১ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত।
শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
ওদিকে এবার প্রথম বারের মতো বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগে কলেজগুলো আলাদাভাবে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতো।
বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ইউনিটের নাম দেওয়া হয়েছে 'ম'।
চারুকলা অনুষদেও এবার প্রথম বারের মতো 'চ' ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
আগে চারুকলা ইনস্টিটিউট ছিল। বর্তমানে এটি অনুষদ হওয়ায় অন্যান্য ইউনিটের সঙ্গে এবার ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৬ নভেম্বর 'খ' (কলা অনুষদের) ইউনিট ও 'ম' ইউনিটের (বেসরকারি মেডিকেল) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৩ নভেম্বর 'ক' ইউনিট (বিজ্ঞান অনুষদ), ২০ নভেম্বর 'গ' ইউনিট (বানিজ্য), ৪ ডিসেম্বর 'ঘ' ইউনিট (সামাজিক বিজ্ঞান) এবং ১১ ডিসেম্বর 'চ' ইউনিটের ( চারুকলা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের পরীক্ষার আবেদনপত্র সংগ্রহের জন্য 'খ' ইউনিটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৭ লাগবে। এছাড়া 'ক' ইউনিটের জন্য জিপিএ ৮, 'গ' ইউনিটের জন্য ৭ দশমিক ৫ এবং 'চ' ইউনিটের জন্য জিপিএ ৬ লাগবে।
'ঘ' ইউনিটের পরীক্ষার জন্য প্রার্থীদের নিজ নিজ ইউনিটের যোগ্যতার শর্ত বহাল থাকবে। অর্থাৎ কলা শাখার কোনও শিক্ষার্থী 'ঘ' ইউনিটে পরীক্ষা দিতে চাইলে তার জিপিএ লাগবে ৭ এবং বিজ্ঞানের জন্য লাগবে ৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএ/এজে/১৫৫৩ ঘ.
bdnews24