২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ৩০০ আসন বেড়েছে, ভর্তি ফরম বিক্রি ১০ সেপ্টেম্বর থেকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংগ্রহ করা যাবে। আর আবেদনপত্র জমা দেওয়া যাবে ২০ অক্টোবর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 05:41 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

চট্টগ্রাম, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংগ্রহ করা যাবে। আর আবেদনপত্র জমা দেওয়া যাবে ২০ অক্টোবর পর্যন্ত। এবার এ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ৩০০টি বেড়েছে। ভর্তির আবেদনপত্রের দাম নির্ধারিত হয়েছে ৩০০ টাকা। শনিবার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আবু ইউসুফের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের এক সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৯-১০ শিক্ষাবর্ষে নিয়মিত এবং কোটা মিলিয়ে ৩০০ আসন বাড়ানো হয়েছে। এতে আসন সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৩ হাজার ৩৭৫টিতে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩৫টি বিভাগ ও দুটি ইন্সটিটিউটে আসন রয়েছে ৩ হাজার ৭৫টি। বৈঠকে এবারে আবেদনপত্রের মূল্য তিনশ' টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম নগরীর কাপাসগোলা শাখা, নিউমার্কেট শাখা, আগ্রাবাদ শাখা এবং ঢাকার ফার্মগেট শাখায় আবেদনপত্র পাওয়া যাবে। এবার চারুকলা বিভাগে ২টি, আরবি ও ফার্সি বিভাগে ৩টি, ইসলামিক স্টাডিজ বিভাগে ৩টি, প্রাচ্যভাষা বিভাগের পালিতে ৫টি এবং সংস্কৃততে ৩টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১০টি, ফলিত পদার্থ বিদ্যা বিভাগে ১০টি, প্রাণিবিদ্যা বিভাগে ১০টি, মাইক্রোবায়োলজি বিভাগে ৫টি, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ৫টি, ভুগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে ৫টি, মনোবিজ্ঞান বিভাগে ৫টি, অর্থনীতি বিভাগে ৫টি, রাজনীতি বিজ্ঞান বিভাগে ৫টি, সমাজতত্ত্ব বিভাগে ৫টি, লোকপ্রশাসন বিভাগে ৫টি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৫টি, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৫টি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগে ৫টি আসন বাড়ানো হয়েছে। এছাড়া ওয়ার্ড (পোষ্য) কোটায় প্রতি বিভাগে ১টি করে মোট ৩৭টি, শিল্পী কোটায় ৫টি এবং সমাজ বিজ্ঞান বিভাগের প্রতিবন্ধী কোটায় ৫টি আসন বাড়ানো হয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় ১৫০টি আসন রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান অবকাঠামোয় আমরা সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা প্রদানের চেষ্টা করেছি। আবকাঠামোগত সুবিধা বাড়লে এ বিশ্ববিদ্যালয়ে আরো অধিক সংখ্যক শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা প্রদান করা সম্ভব হবে।" চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনপত্র আগামী ৭ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১৬ থেকে ১৯ নভেম্বর হবে ভর্তির পরীক্ষা। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র আগামী ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত হবে ভর্তির লিখিত পরীক্ষা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৪৫ ঘ.