রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও ছাত্রশিবির পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুর বাজারে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত মিছিল-মিটিং পুলিশ নিষিদ্ধ করেছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্রশিবির এখানে পাল্টাপাল্টি প্রচার মিছিল করার ঘোষণা দেয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান জানান, দুটি সংগঠন একই স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় শনিবার সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনোদপুর বাজার এলাকায় সকল প্রকার মিছিল-মিটিং-সমাবেশ নিষিদ্ধ থাকবে।
এরপরও কোন সংগঠন কর্মসূচি পালন করলে পুলিশ ব্যবস্থা নেবে। সকাল থেকেই বিনোদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে তিনি জানান।
গত ১৩ মার্চ রাবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে শিবির নেতা শরীফুজ্জামান নোমানী নিহত এবং শতাধিক আহত হওয়ার পর প্রায় তিন মাস বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়। এরপর ১ জুন ক্যাম্পাস খোলে। এরপর থেকে ক্যাম্পাসে মিছিল-মিটিং, পোস্টার সাঁটানোসহ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকে।
এ ব্যাপারে রাবি শাখা শিবির সভাপতি শামসুল আলম গোলাপ বলেন, শনিবার সকাল সাড়ে ১০টায় আমাদের প্রচার র্যালি হওয়ার কথা ছিল। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।
ছাত্রলীগ রাবি শাখার সভাপতি ইব্রাহীম হোসেন মুন দাবি করেন, তারাই প্রথম কর্মসূচি দিয়েছিল। কিন্তু শিবির পরিস্থিতি উত্তপ্ত করতে পাল্টা কর্মসূচি দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা কর্মসূচি পালন করবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৭ ঘ.
bdnews24