গাজীপুর, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগেরদিনের সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টির পরিপ্রেক্ষিতে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সব বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
২৯ আগস্ট থেকে সব বিভাগের সব বর্ষের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার থেকে প্রস্তুতিকালীন ছুটি চলছিল।
পরীক্ষা স্থগিত করার পাশাপাশি রোজা, শবে কদর, ঈদ ও পূজা মিলিয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর ও বিক্ষোভ করেছে। বিকেল সাড়ে ৫টায় বিক্ষোভ চলাকালে শিমুলতলী সড়কে বাস চলাচল বন্ধ ছিল।
ডুয়েট ছাত্র কল্যাণ পরিচালক ড. আবু নাঈম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে দুপুরে উপাচার্য অধ্যাপক ড.সবদের আলী তার দপ্তরে ছাত্রনেতাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন।
তিনি জানান, বৈঠকের পর বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কর্তৃপক্ষ ২৯ আগস্ট অনুষ্ঠেয় সব বিভাগের প্রথম থেকে চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষা পরবর্তী তারিখ পরে জানানো হবে।
একই সঙ্গে রোজা, শবে কদর, ঈদ ও দুর্গা পূজা মিলিয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে জাতীয় শোক দিবসের পোস্টারের ওপর শিবির সমর্থিত একটি কোচিং সেন্টারের পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ডুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়।
ডুয়েট ছাত্র কল্যাণ পরিচালক ড. আবু নাঈম শেখ জানান, বৃহস্পতিবার সকালে গুজব রটে পার্শ্ববর্তী ধানসিঁড়ি মেসে বহিরাগত ছাত্র শিবিরের সশস্ত্র ক্যাডাররা অবস্থান নিয়েছে। তারা ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর হামলা চালানোর পরিকল্পনা করছে।
এ গুজবে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয় এবং সকাল সাড়ে ১০টার দিকে তারা লাঠি-সোটা ও রড নিয়ে ক্যাম্পাসে জড়ো হয়। পরে তারা হামলার প্রস্তুতি নিয়ে দল বেঁধে ক্যাম্পাস থেকে ওই মেসের দিকে রওনা দিলে পুলিশ গেটে তাদের বাধা দেয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জিহাদুল কবীর জানান, ঘটনার পর পুলিশ ধানসিঁড়ি মেসের সামনে অবস্থান নেয় এবং বিকেলে মেসে তল্লাশি চালায়। তবে মেসে কোন অস্ত্র পাওয়া যায়নি।
বিকেল সাড়ে ৫ টায় শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.
bdnews24