ঢাকা, আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের আট আবাসিক শিক্ষক একযোগে পদত্যাগ করেছেন।
প্রাধ্যক্ষের বিরুদ্ধে 'অসৌজন্যমূলক আচরণ এবং অসহযোগিতার' অভিযোগ এনে বৃহস্পতিবার সকালে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপাচার্য দপ্তরে সূর্যসেন হলের কয়েকজন আবাসিক শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে, তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত নেয়নি।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন বলেছেন, "এ ধরনের কোনও ঘটনার কথা আমার জানা নেই।"
পদত্যাগী আবাসিক শিক্ষক মোহাম্মদ নূর ই আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন হলে যোগ দেওয়ার পর থেকেই আমাদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছিলেন। তাই আমরা বাধ্য হয়েই পদত্যাগপত্র জমা দিয়েছি।"
পদত্যাগপত্রে স্বাক্ষর করা আবাসিক শিক্ষকরা হলেন, সাদা দলের অধ্যাপক মো. সাইফুল আলম, অধ্যাপক ড. ফারুক আহমেদ, আল আমিন, মো. আমিরুস সালাত, এ কে এম ইউনুস, সহকারী আবাসিক শিক্ষক মাহমুদ উল্লাহ, মোহাম্মদ নূর ই আলম সিদ্দিকী, মো. রাজীব আলম।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকর জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের শিক্ষক অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন প্রাধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার পর থেকেই বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের কয়েকজন আবাসিক শিক্ষকের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএইচ/এমআই/১৮১৮ ঘ.
bdnews24