২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র-পুলিশ সংঘর্ষের পর এইউবি রাজশাহী ক্যাম্পাস বন্ধ ঘোষণা

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ'র (এইউবি) রাজশাহী ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ এবং ছাত্র-পুলিশ সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে ছাত্রদের বিক্ষোভ মিছিল, ইট পাটকেল নিক্ষেপ, রাস্তা অবরোধ এবং ছাত্র-পুলিশ সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 02:59 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

রাজশাহী, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম) - এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ'র (এইউবি) রাজশাহী ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ এবং ছাত্র-পুলিশ সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে ছাত্রদের বিক্ষোভ মিছিল, ইট পাটকেল নিক্ষেপ, রাস্তা অবরোধ এবং ছাত্র-পুলিশ সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহত এইউবি'র ছাত্র রায়হান, সারোয়ার জাহান, দিন ইসলাম, লালন, ছাত্রী মর্জিনা, জিন্নাতুল, পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেনসহ ৩/৪ জন পুলিশ সদস্য এবং এক পথচারীকে নগরীর বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের নাম জানা যায়নি। এদিকে শিক্ষা কার্যক্রম নিশ্চিতের দাবিতে এবং পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শিক্ষার্থীরা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এইউবি'র ছাত্র আন্দোলন কমিটির আহবায়ক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টায় ইউনিভার্সিটির বাংলা, সমাজ বিজ্ঞান, রাষ্ট্র বিজ্ঞান, ইসলামের ইতিহাস ও ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় থেকে ১০ম সেমিস্টার পর্যন্ত দূরশিক্ষণ কর্মসূচির প্রথম শিফটের পরীক্ষা এবং বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় শিফটের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু এইউবি'র আওটার ক্যাম্পাসের অনুমোদন নেই- বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত শিক্ষামন্ত্রীর এমন একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে সকালে পরীক্ষা দিতে আসা ৪/৫ হাজার শিক্ষার্থী পরীক্ষা বর্জন করে। এ সময় তারা কর্তৃপক্ষের কাছে অনুমোদনের কাগজপত্র দেখতে চেয়ে না পেলে বিক্ষোভ মিছিল এবং মূল ভবনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। অবস্থা দেখে কর্তৃপক্ষের লোকজন ক্যাম্পাস ছেড়ে চলে যায়। প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম প্রতিনিধি জানান, বিক্ষুব্ধ ছাত্ররা ইউনিভার্সিটির সামনের রাস্তা অবরোধ করলে পুরিশ এসে ছাত্রদের শান্ত করার চেষ্টা করে। এ সময় ছাত্ররা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ ছাত্রদের লাঠিপেটা করে। বেলা সাড়ে ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়। ১টার দিকে এক নিরাপত্তা প্রহরী এসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়- 'শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টাকালের জন্য বন্ধ ঘোষণা করা হল। খোলার সময় স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।' বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রারের দায়িত্বে থাকা শিক্ষক মিজান উদ্দিন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। তবে তার সঙ্গে সাংবাদিকরা যোযোগ করে কথা বলতে ব্যর্থ হয়েছেন। ডেপুটি রেজিস্ট্রার মঞ্জুর এলাহীর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। মতিহার জোনের পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা অবরোধ এবং পুলিশের কাজে বাধা দেওয়ায় পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সামান্য লাঠিচার্জ করেছে। তবে কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৯ ঘ.