ঢাকা ৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দৃক পিকচার লাইব্রেরির শিক্ষামূলক অঙ্গ প্রতিষ্ঠান 'পাঠশালা'-র শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন উপলক্ষে তাদের তোলা আলোকচিত্রের এক প্রদর্শনী শুরু হয়েছে।
শুক্রবার বেলা পাঁচটায় ধানমন্ডির দৃক গ্যালারিতে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পাঠশালা থেকে সদ্য গ্র্যাজুয়েশন করা শিক্ষার্থীদের প্রদর্শনীটির শিরোনাম পার্সপেক্টিভ্স'। মানুষের বিশ্বাস,স্বপ্ন, কলঙ্ক, শ্রেণীবৈচিত্র, সামাজিক অবিচার ও সাংস্কৃতিক পরিবর্তনের মতো বিভিন্ন বিষয় উঠে এসেছে এ প্রদর্শনীর কাজগুলোতে।
অনুষ্ঠানে পাঠশালা অধ্যক্ষ শহীদুল আলম আলোকচিত্র শিক্ষার এ প্রতিষ্ঠানটি গড়ে তোলার স্মৃতিচারণ করেন। সরকার এখনো এ প্রতিষ্ঠানটিকে স্বীকৃতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, 'পাঠশালা'-র কথা জানলেও এই প্রথম তাদের শিক্ষার্থীদের কাজ দেখলেন। তিনি বলেন, "এদের কাজ আন্তর্জাতিক মানের। সরকারের উচিত প্রতিষ্ঠানটিকে স্বীকৃতি দেওয়া।"
ছবির মাধ্যমে সমাজে পরিবর্তন আনার বিষয়টি তুলে ধরেন ইউনুস। তিনি এ প্রসঙ্গে ভিয়েতনাম যুদ্ধের বোমায় আহত শিশুদের ছবি দেখে বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার কথা তুলে ধরেন।
ড. ইউনূস প্রদর্শনীর উদ্বোধন করার পর এ উপলক্ষে ছাত্রদের তোলা ছবি নিয়ে প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং তাদের হাতে সনদ তুলে দেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আলোকচিত্রী বিজন সরকার। নাইবউদ্দীন আহমেদের থাকার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি।
১৭ জন নবীন আলোকচিত্রীর কাজ নিয়ে এ প্রদর্শনী ৭ থেকে ১২ আগস্ট বেলা ৩ টা থেকে ৯টা পর্যন্ত খোলা থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএমটি/এসকে/২০২০ঘ.
bdnews24