২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষণার জন্য জাপানী যৌথ উদ্যোগে অন্তর্ভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

সামাজিক সমস্যা নিয়ে উচ্চতর গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ এশিয়ার তিনটি বিশ্ববিদ্যালয় এবং চারটি বেসরকারি সংস্থা নিয়ে 'এশিয়ান ইনস্টিটিউট ফর ইন্টেলেকচুয়াল কোলাবরেশন' গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 02:54 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক সমস্যা নিয়ে উচ্চতর গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ এশিয়ার তিনটি বিশ্ববিদ্যালয় এবং চারটি বেসরকারি সংস্থা নিয়ে 'এশিয়ান ইনস্টিটিউট ফর ইন্টেলেকচুয়াল কোলাবরেশন' গঠিত হয়েছে। জাপানের রিক্কিও বিশ্ববিদ্যালয় এ ইনস্টিটিউট গঠনের উদ্যোক্তা ও অর্থদাতা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাপানী বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. কাসাহারা কিওশি এ কথা জানান। ড. কিওশি বলেন, এ ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য হবে নিজ নিজ দেশের সমস্যা নিয়ে গবেষণা করা যাতে তা ওই দেশের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করার লক্ষ্যেই এ ইনস্টিটিউট গঠন করা হয়েছে। রিক্কিও ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও এর আওতায় থাকছে ফিলিপাইনের আতেনীও দ্যা ম্যানিলা বিশ্ববিদ্যালয় এবং থাইল্যান্ডের বেসরকারি সংস্থা পপুলেশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (পিডিএ), ফিলিপাইন বিজনেস ফর সোশাল প্রগ্রেস (পিবিএসপি), বাংলাদেশের ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংক। বাংলাদেশ থেকে তিনজন এর পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। ড. কিওশি জানান, আগামী বছরের এপ্রিল থেকে এ প্রোগ্রাম শুরু হবে। প্রথমে পাঁচ বছরের জন্য তা চলবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান, রিক্কিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিতায়ামা সিচি, অধ্যাপক কিনোশিতা ইউশিকো, অধ্যাপক কাইক ইয়াংচুন প্রমুখ। ঢাবি'র উপ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ বলেন, এ গবেষণামূলক প্রোগ্রামে সাতটি প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক জ্ঞান আদান-প্রদান চলবে। অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট দেশের বিভিন্ন ধরণের সামাজিক সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা এবং গবেষণা করবেন। যেমন বাংলাদেশের ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিয়ে গবেষণা হতে পারে। অধ্যাপক হারুন অর রশীদ জানান, ২০১০ সালের এপ্রিল মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষকরা রিক্কিও বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং সেখান থেকে কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন। এতে গবেষকদের পূর্ণ স্কলারশীপ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১০৫ঘ.