রাজশাহী বিশ্ববিদ্যারয়, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৭ সালের আগস্ট মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র বিক্ষোভের ঘটনা তদন্তের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ২০০৭ সালের ২২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র বিক্ষোভের ঘটনা তদন্তের যে উদ্যোগ নিয়েছে তার পরিপ্রেক্ষিতে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক সমাজ এ দাবি জানায়।
রোববার সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ছাত্র বিক্ষোভের ঘটনা তদন্তের সিদ্ধান্ত হয়।
বিক্ষোভের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ রাবি শাখা। অপরদিকে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট এবং নাট্য সংগঠন 'অনুশীলন নাট্য দল' এ তদন্ত উদ্যোগকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে।
রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক মো. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভের সময় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের নামে টিএফআই সেলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ ঘটনায় করা মামলায় তাদের কারাদণ্ডও দেওয়া হয়। পরর্তী সময় সরকার এ দণ্ড মওকুফ করলেও এটি একটি কলংকজনক ঘটনা।
এদিকে ছাত্রলীগের এক বিবৃতিতে ছাত্র বিক্ষোভের ওই ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্পদের ক্ষতিসাধন করা অভিযোগে প্রশাসন ছাত্রদের বিরুদ্ধে যে মামলা করেছে তা প্রত্যাহরের দাবি জানানো হয়।
অপরদিকে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ও অনুশীলন নাট্যদল আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনা খতিয়ে দেখতে সংসদীয় স্থায়ী কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়ে পৃথক পৃথক বিবৃতি দিয়েছে।
এতে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে বিবৃতিতে আশা করা হয়।
আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় পুলিশ, ডিজিএফআই এবং রাবি রেজিস্ট্রার পৃথক তিনটি মামলা দায়ের করে। এ সময় রাবির আট শিক্ষককে গ্রেপ্তার করা হয়। একটি মামলায় ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আব্দুল্লাহ আল মামুনকে চার বছরের সাজা দেয় আদালত। পরে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমার মাধ্যমে তারা মুক্তি পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24