জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার প্রতিকৃতি ভাঙার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা শনিবার ক্যাম্পাসে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন।
তারা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ক্লাস বর্জন এবং একই সময়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
গত বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের ৩০-৩৫ জন নেতাকর্মী বেগম খালেদা জিয়া হলের সামনে স্থাপিত তার প্রতিকৃতির বিভিন্ন অংশ ভেঙ্গে ফেলে বলে আভিযোগ উঠেছে।
এ সময় তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেয়।
এ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক মো. আবুল হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন এবং আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে।
মানববন্ধন কর্মসূচি শেষে ফোরামের নেতা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামছুল আলম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্তৃপক্ষ তদন্ত কাজে অবহেলা করলে এবং প্রতিকৃতি পুনঃস্থাপনে দ্রুত ব্যবস্থা না নিলে কয়েকদিনের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।"
ওদিকে তদন্ত কমিটির প্রধান আবুল হোসেন জানিয়েছেন, রোববার কমিটির প্রথম সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আধিপাত্য বিস্তার নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের পরিপ্রেক্ষিতে গত ১৭ ফেব্র"য়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/১৯২২ ঘ.
bdnews24