২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্টার্ন কলেজে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের হামলা

তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে ধানমণ্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা শনিবার কাটাবনের ওয়েস্টার্ন কলেজে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 06:38 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা,জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে ধানমণ্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা শনিবার কাটাবনের ওয়েস্টার্ন কলেজে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এসময় ঘটনাস্থল থেকে আইডিয়াল কলেজের ৬ শিক্ষক ও ৩ ছাত্রকে ধরে পুলিশে সোপর্দ করে ওয়েস্টার্ন কলেজ কতৃপক্ষ। শিক্ষকরা হলেন আসাদুল হক, রহমত আলী, ড. মুস্তাফিজুর রহমান, আবুল হালিম, জিয়াউল হাসান ও নাজমুল হুদা। এছাড়া স্বপন সরকার, মাহমুদুল হাসান ও হাবিবুর রহমান নামের তিন ছাত্রকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে শাহবাগস্থ আজিজ সুপার মার্কেটের পার্শ্ববর্তী ফাল্গুনী পরিবহনের কাউন্টারে টিকেট কাটা নিয়ে আইডিয়াল ও ওয়েস্টার্ন কলেজের কয়েক ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার দুপুর একটার দিকে আইডিয়াল কলেজের শতাধিক ছাত্র রড ও লাঠিসোঠা নিয়ে কাটাবনের ওয়েস্টার্ন কলেজে হামলা চালায়। ছাত্ররা নিচতলার কেন্টিন ও দোতলার কয়েকটি কক্ষ ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। ওয়েস্টার্ন কলেজের ছাত্ররা পুলিশের কাছে দাবী করেছেন, আইডিয়াল কলেজের ছাত্ররা এর আগেও বিভিন্ন সময় তাদের ছাত্রদের উপর হামলা করে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ঘটনার পর আইডিয়াল কলেজের ৬ শিক্ষক ও ৩ ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছেন ওয়েস্টার্ন কলেজ কতৃপক্ষ। এই ৬ শিক্ষকের নেতৃত্বে তাদের কলেজে হামলা হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ দাবী করেছেন। কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষকরা বলেছেন, তারা আসলে নিজেদের কলেজের ছাত্রদের ফিরিয়ে আনতে গিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৫৫ ঘ.