জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে বৃহস্পতিবার রাতে হাতে তৈরি আটটি বোমা উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আরজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ক্যান্টিনের স্টোর রুম থেকে আটটি ছোট আকারের হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়। এগুলো একটি ডিমের খাঁচার মধ্যে ছিল কাগজে মোড়ানো অবস্থায় ছিল।"
তিনি জানান, বোমাগুলো পরে পুলিশ থানায় নিয়ে যায় । বোমাগুলোর এখানে কিভাবে এসেছে, কারা এর সঙ্গে জড়িত তা এখন পর্যন্ত জানা যায়নি।
বোমা উদ্ধারের সময় হল প্রভোস্ট অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীসহ কয়েকজন আবাসিক শিক্ষক উপস্থিত ছিলেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ককটেলগুলো থানা হেফাজতে আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৪ ঘ.
bdnews24