মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষায় এবার উত্তীর্ণের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মোশতাক আহমেদকে এ তথ্য জানিয়েছেন।
এইচএসসিতে গতবছর উত্তীর্ণের হার ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ। অর্থাৎ উত্তীর্ণের হার এবার ৪ শতাংশ কমেছে। গত বছর এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ হাজার ১০৮। এবার তা কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২২২ এ।
কারিগরি ও মাদ্রাসা বোর্ড মিলিয়ে ১০ শিক্ষা বোর্ডে এবার উত্তীর্ণের হার ৭২ দশমিক ৭৮ শতাংশ। গতবার তা ছিল ৭৬ দশমিক ১৯ শতাংশ। অর্থাৎ সবমিলিয়ে উত্তীর্ণের হারও প্রায় ৪ শতাংশ কম।
এবার ১০ বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ১৩৬। গত বছর এ সংখ্যা ছিল ২২ হাজার ৪৫।
মাদ্রাসায় এবার উত্তীর্ণের হার ৮৪ দশমিক ৬০ শতাংশ। কারিগরী বোর্ডে ৮১ দশমিক ৭৪ শতাংশ।
গত ১৬ এপ্রিল শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ১০ বোর্ডে মোট ৬ লাখ ৭ হাজার ৮৭২ জন শিক্ষার্থী অংশ নেয়।
দুপুরে একযোগে দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। ওয়েবসাইটের ঠিকানা হলো www.educationboardresults.gov.bd|
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
দুপুর ২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ২০০৯ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম-ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষার ফলাফলের বিস্তারিত দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এর আগে শিক্ষামন্ত্রী ও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন।
তবে দুপুর একটা থেকেই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল জানা যাবে।
মোবাইল ফোনে সরাসরি ফল: গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরাবরের মত এবারও মোবাইল ফোনে সরাসরি ফল জানার সুবিধা দিচ্ছে গ্রামীণফোন। গ্রামীণফোনের গ্রাহকরা এ সুবিধায় ফল জানার পাশাপাশি বিষয়ভিত্তিক গ্রেডও জানতে পারবেন।
ফল প্রকাশ হওয়ার পর তা সরাসরি মোবাইলে পেতে আগেই রেজিস্ট্রেশন করতে হবে এভাবে: মেসেজ অপশনে গিয়ে REG লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে এসএমএস করতে হবে ২৩৩৩ নম্বরে। এভাবে একই সংযোগ থেকে অনেকগুলো নম্বরের জন্য রেজিস্ট্রেশন করা যাবে।
আর ফল প্রকাশ হওয়ামাত্র তাৎক্ষণিকভাবে তা জানতে, বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে এসএমএস করতে হবে ২৩৩৩ নম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১১৩৭ ঘ.
bdnews24