সাভার, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সাভারের নাইটিংগেল মেডিকেল কলেজ ও হাসপাতালের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার সকালে ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালায় এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়।
এ ঘটনায় কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সংঘর্ষের সময় ভীত সন্ত্রস্ত রোগী, চিকিৎসক, কর্মকর্তা ও নার্সসহ কর্মচারীরা পালিয়ে যায়। শিক্ষার্থীসহ প্রায় ৫০ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে বিপুল সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজে অতিরিক্ত পুলিশ ও আমর্ড ব্যাটালিয়ন পুলিশ মোতায়েন কা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছে-প্রথম বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান, জিয়া, রাশেদ, সানী, পলাশ, মিঠুন, দ্বিতীয় বর্ষের শরিফ, রানা, মোস্তাফিজ, তৃতীয় বর্ষের দিশা, সাগর, পলি, পিযুষ, আবিদ, জরুরি বিভাগের ডাক্তার পারভেজ, ফার্মেসি কর্মচারী ফেরদৌসসহ প্রায় ৫০ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, নাইটিংগেল মেডিকেল কলেজে ১৬৫ জন শিক্ষার্থী রয়েছে। প্রত্যেকে ৮ লাখ টাকা করে দিয়ে এখানে ভর্তি হয়েছে। এ ছাড়া প্রতি মাসে দিতে হয় আরও ৫ হাজার টাকা হোস্টেল ভাড়া। ২০০৭ সালের জুন থেকে কলেজে কোনো শিক্ষক নেই। ঠিকমতো ক্লাস হয় না। মাঝে মধ্যে ক্লাস হলেও তা হয় সর্বোচ্চ আধঘণ্টা। হাসপাতাল তেমন রোগীও আসে না। হোস্টেলে শিক্ষার্থীদের দেওয়া হয় খুবই নিম্নমানের খাবার।
এসব ব্যাপারে কর্তৃপক্ষকে একাধিকবার বলা সত্ত্বেও তারা কর্ণপাত করেনি।
ঘটনার বিবরণ দিয়ে তারা জানান, সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা জানতে পারে কলেজ ৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। এ কথা শুনেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় পুলিশ ডেকে এনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালাগাল দিলে সংঘর্ষ ও ভাঙচুর শুরু হয়।
এ সময় শিক্ষার্থীরা কলেজ ভবন, হাসপাতাল ভবন, হোস্টেল, সিকিউরিটি গার্ড রুম ও ক্যান্টিনের জানালা-দরজার গ্লাসসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে।
নাইটিংগেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্যবস্থাপক দুলাল চন্দ্র রায় বলেন, শিক্ষার্থীরা সবকিছু ভেঙে তছনছ করেছে। অনেক মূল্যবান জিনিসপত্র লুট করেছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল্লাহ-আল-মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। তারা দাবিগুলোর কথা একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু কোনো ফল হয়নি।
তিনি বলেন, "মেডিকেল কলেজ চালাতে প্রয়োজনীয় শিক্ষক, জনবল ও সরঞ্জামাদি না থাকায় গত ৬/৭ মাস আগে স্বাস্থ্য অধিদপ্তর এ মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করে দেয়।
"কিন্তু প্রতিষ্ঠানের চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী ও তার ছেলে ব্যবস্থাপনা পরিচালক ডা. হুমায়ুন জামান চৌধুরী হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে মেডিকেল কলেজ চালাচ্ছেন।"
সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যাতে সড়কে আসতে না পারে সে জন্য মূল ফটকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.
bdnews24