২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে জরাজীর্ণ স্কুলভবন চিহ্নিত করার নির্দেশ শিক্ষামন্ত্রীর

রাজধানীতে সরকারি একটি বিদ্যালয়ে ছাদের পলেস্তরা ধসে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পর সারাদেশের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 07:57 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে সরকারি একটি বিদ্যালয়ে ছাদের পলেস্তরা ধসে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পর সারাদেশের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সকালে রাজধানীর তাঁতীবাজার এলাকার প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পর তিনি এ নির্দেশ দেন। সোমবার ওই স্কুল ভবনের ছাদের পলেস্তরা ধসে সাত শিক্ষার্থী আহত হয়। মন্ত্রী এ ঘটনা তদন্তে এক সদস্যের একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের জেষ্ঠ্য তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাঁতীবাজারের ঘটনা তদন্তে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শহিদুল ইসলামকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সারাদেশে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলো পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও শিক্ষামন্ত্রী দিয়েছেন বলে সুবোধ চন্দ্র জানান। শিক্ষামন্ত্রী মঙ্গলবার প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহত শিক্ষার্থী রুবীনাকে দেখতে তার বাড়িতে যান। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক ভক্তি রানী পাল জানান, ১৯৬৭ সালে দোতালা এ বিদ্যালয় ভবনটি তৈরি হয়। তারপর ভবনটিতে বড় কোনও সংস্কার হয়নি। দীর্ঘদিন চুনকাম বা রংয়ের কাজও করা হয়নি ভবনটিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/আরএ/এমআই/১৪০০ ঘ.