২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৭তম বিসিএস: 'বাদপড়াদের' আবার মৌখিক পরীক্ষার সুপারিশ

২৭তম বিসিএস এ প্রথমবারের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ তবে দ্বিতীয়বার বাদ পড়া প্রার্থীদের আবারও মৌখিক পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে সংস্থাপন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। মৌখিক পরীক্ষার ভিত্তিতে যোগ্যদের চাকরি দেওয়ার সুপারিশ করেছে এ কমিটি। সোমবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 12:44 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭তম বিসিএস এ প্রথমবারের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ তবে দ্বিতীয়বার বাদ পড়া প্রার্থীদের আবারও মৌখিক পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে সংস্থাপন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। মৌখিক পরীক্ষার ভিত্তিতে যোগ্যদের চাকরি দেওয়ার সুপারিশ করেছে এ কমিটি। সোমবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়। এতে বলা হয়, ২৭তম বিসিএস এর প্রথম পর্যায়ে বিভিন্ন ক্যাডারের জন্য সুপারিশকৃত তবে দ্বিতীয় পর্যায়ে বাদপড়া ১০২২ জন প্রার্থীর জন্য পুনরায় মৌখিক পরীক্ষা নিয়ে যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে মনোনয়ন দেওয়ার সুপারিশ করা হয়েছে। বাদপড়া প্রার্থীদের বিষয়ে সুপারিশের জন্য গঠিত উপ-কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনার পর এ সুপারিশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গত ১৪ জুন 'বঞ্চিত' প্রার্থীদের বিষয়টি আইনের পাশাপাশি মানবিক ও নৈতিক দিক বিবেচনা করে চাকরির সুপারিশ করতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) অনুরোধ করার সিদ্ধান্ত নেয় উপ-কমিটি। সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধান হুইপ আব্দুস শহীদ, এবিএম গোলাম মোস্তফা (উপ-কমিটির সভাপতি), এইচ এন আশিকুর রহমান, আবু তালহা, শিরীন শারমিন চৌধুরী (প্রধানমন্ত্রীর পক্ষে) ও সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাদিক। ২০০৭ সালের ২১ জানুয়ারি চূড়ান্ত ফল প্রকাশের পর দলীয়করণসহ অনিয়মের অভিযোগ ওঠায় ২৭তম বিসিএসে মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা স্থগিত করা হয়। পরে মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে পিএসসি। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে এর ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ারা প্রায় আট মাস ধরে চাকরি করছেন। বাতিল পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু দ্বিতীয়বারে অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা তাদেরকে নিয়োগ দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে। তবে এ ব্যাপারে আইনী লড়াইয়ে সর্বোচ্চ আদালতের রায় তাদের বিপক্ষে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/১৮৫২ঘ.