২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আই টি ইন্সটিটিউটের উদ্বোধন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আই টি ইন্সটিটিউটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে শনিবার প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 07:04 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আই টি ইন্সটিটিউটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে শনিবার প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। সে সময় তিনি বলেন, সরকার তথ্য প্রযুক্তি খাতের ওপর অগ্রাধিকার দিয়েছে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তথ্য ও প্রযুক্তির সুবিধা গণমানুষের কাছে পৌঁছে দিতে সরকার প্রতিশ্র"তিবদ্ধ বলে উল্লেখ করে তিনি বলেন, আগামী দু'বছরের মধ্যে সব মন্ত্রণালয়ে ডিজিটাল ব্যবস্থা চালু করা হবে। ইয়াফেস ওসমান বলেন, গ্রামের মানুষ যখন বুঝতে পারবে তথ্য-প্রযুক্তি তাদের উপকারে আসছে, তখন তারা প্রযুক্তির প্রতি আকৃষ্ট হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে গ্রাম থেকেই এর যাত্রা শুরু করতে হবে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে দিন বদলের যে ডাক দিয়েছেন তা সফল করার জন্য সারা দেশে এ ধরনের আই টি ইন্সটিটিউট চালু করতে হবে। প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম, চবি উপাচার্য ড. আবু ইউসুফ আলম, সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান, কলকাতা আসমী টেকনোলজির প্রধান নির্বাহী এস বি এন রায়। চট্টগ্রামে তথ্য ও প্রযুক্তি বিষয়ক শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চালু করা ইন্সটিটিউটে চারটি বিভাগ রয়েছে। এগুলো হলো আইটি এডুকেশন উইং, হার্ডওয়্যার এসেম্বলি উইং, সফটওয়্যার ডেভেলপমেন্ট উইং ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) উইং। এরই মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ সফ্টওয়্যার ডেভেলপমেন্ট উইং চালু করা হয়েছে। এতে ভারতীয় আসমী টেকনোলজি প্রাইভেট লিমিটেড প্রযুক্তি বিষয়ক সহযোগিতা দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/টিআর/০১০৪ ঘ.