ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০ জন প্রবীণ শিক্ষককে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ১৯৬৯ ব্যাচের শিক্ষার্থীরা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দিনব্যাপী এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত শিক্ষকদের মধ্যে রয়েছেন, ইংরেজি বিভাগের ইমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সা'দ উদ্দিন আহমেদ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক মিজানুর রহমান শেলী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাদিউজ্জামান, দর্শন বিভাগের অধ্যাপক এম আমিনুল ইসলাম প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন '৬৯ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক সাইয়াদ সালেহীন কাদরী।
দিনব্যাপী অনুষ্ঠানে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/জেএফ/এসএম/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24