রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্য্যালয়ের বেগম রোকেয়া ছাত্রী হলে সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে।
ভোর সাড়ে চারটার দিকে হলের জানালা দিয়ে ২০৮, ২২০ ও ২৪৮ নম্বর কক্ষ থেকে ছোট ব্যাগসহ আটশ' টাকা, ৩৪৮ ও ৩৫০ থেকে দুটি মোবাইল ফোন সেট চুরি হয়। এছাড়া আরও কয়েকটি কক্ষের জানালা দিয়ে হাত ঢুকিয়ে চুরির চেষ্টা করে বলে ছাত্রীরা জানান।
এর প্রতিবাদে ভোররাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পাঁচটি হলের ছাত্রীরা গার্ডদের বহিস্কার এবং হলের দুই সুপারকে অপসারণসহ সাত দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং দুই ঘণ্টা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন।
পরে হল গার্ডকে বহিস্কার এবং দুই হল সুপারকে প্রত্যাহার করায় ছাত্রীরা অবরোধ তুলে নেন।
প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বলেন, ছাত্রীদের বাকি দাবিগুলো সাত দিনের মধ্যে সমাধান করা হবে।
প্রভোস্ট সাইদা আক্তার হলের কয়েকটি কক্ষে চুরির ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, "ছাত্রীদের দাবিগুলো প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।"
রোকেয়া হলের শান্ত, শাম্মী, বৃষ্টি, ডালিয়াসহ একাধিক ছাত্রী অভিযোগ করেন, ছাত্রী হলগুলোতে বার বার চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করেনি। ফলে তারা নিরাপত্তাহীনতা ভুগছেন। তারা আবসিক হলসহ ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করারও দাবি জানান।
রোকেয়া হলের ছাত্রীরা দাবি করেন, চুরির ঘটনায় হলের গার্ড রেজাউল হক জড়িত। ভোরে ছাত্রীরা রেজাউল করিমকে বেঁধে রেখে মারধর এবং অপর গার্ড মির্জা হোসেন, বরকত উল্লাহ ও জাফর আলীকে অতিথি কক্ষে তালাবদ্ধ করে রাখে।
ঘটনার পরপরই ছাত্রীরা বিষয়টি হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালেও কেউ হলে না আসায় তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে সকাল ছয়টার দিকে হলের প্রভোস্ট, আবাসিক এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কিন্তু গার্ড রেজাউল করিমকে প্রশাসনের কর্মকর্তারা হল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ায় ছাত্রীরা আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সকাল ৯টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। এ সময় ছাত্রীদের সঙ্গে অন্য শিক্ষার্থীরাও যোগ দেন।
সকাল ১১টার দিকে প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপু এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা ছ্ত্রাীদের শান্ত করে হলে ফিরিয়ে নিয়ে যান। এ সময় ছাত্রীরা চুরির সঙ্গে জড়িত গার্ডদের হল থেকে বরখাস্ত, ছাত্রীদের ক্ষতিপূরণ, সকল ছাত্রী হলের নিরাপত্তা বৃদ্ধি, প্রভোস্ট এবং হল সুপারেদের ব্যবহারে নমনীয় হওয়ার দাবি জানান।
ছাত্রীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে রাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন। পৃথক বিৃতিতে তারা ছাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার এবং নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.
bdnews24