ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গণিত ও ইংরেজিতে বেশি পরীক্ষার্থী ফেল করায় এসএসসিতে পাশের হার কমে যায় বলে মনে করেন শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান।
মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে 'অংক বিষয়ে অতিরিক্ত সহযোগিতা প্রদানের লক্ষ্যে করণীয় নির্ধারণ' শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) দু'দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
দশ বছর ধরে পড়ালেখা করে একটি জাতীয় পরীক্ষায় (এসএসসি) ফেল করা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে শিক্ষা সচিব বলেন "অংক ও ইংরেজিতে অধিক ছাত্র ফেল করায় সার্বিক পাশের হার কমে যায়। এজন্য নিচের শ্রেণী থেকেই এ বিষয় দু'টির ওপর জোর দিতে হবে। শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি ও ভীতি কমানোর লক্ষ্যে শ্রেণীকক্ষে শিক্ষকদের অংক ও ইংরেজি বিষয়কে সহজভাবে উপস্থাপন করতে হবে।"
তিনি অংক বইকে আরো প্রয়োগমূখী ও উপযোগী করে কারিকুলাম প্রণয়নের জন্য এনসিটিবিকে নির্দেশ দেন। টিটিসির (টিচার ট্রেনিং কলেজ) প্রশিক্ষণ কর্মসূচির আধুনিকায়নের ওপরও জোর দেন তিনি।
এসএসসিতে পাশের হার একশ' ভাগে উন্নীত করার লক্ষ্যে শিক্ষকদেরকে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান শিক্ষা সচিব।
সেকায়েপ প্রকল্পের পরিচালক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোঃ নোমান উর রশীদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: মোস্তফা কামাল উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
কর্মশালায় শতাধিক গণিত শিক্ষক, প্রশিক্ষক ও কর্মকর্তা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/১৯১৬ঘ.
bdnews24