রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী নিমা পারভিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তার পরিবার ও সহপাঠীরা।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান।
বুধবার পুঠিয়ার শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার নিমা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, নিমা কখনই আত্মহত্যা করতে পারেন না। তার শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চলানোর অপচেষ্টা করছে।
নিজেদের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার মাত্র দুই ঘণ্টার ব্যবধানে একজন সুস্থ মানুষ আত্মহত্যা করতে পারেন না বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
নিমার বাবা তসলিম উদ্দিন বলেন, "আমি শুধু আমার মেয়ে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।"
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- ব্যবস্থাপনা বিভাগের এমবিএ'র ছাত্র রেজওয়ান আহম্মেদ শুভ্র।
নিমার বাবা ছাড়াও উপস্থিত ছিলেন- তার ভাই মিজানুর রহমান, রাবির মহিলা পরিষদের নেত্রী অধ্যাপিকা মহাবুবা কানিজ কেয়াসহ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা।
একই দাবিতে দুপুর ১২টার দিকে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা রবীন্দ্র কলা ভবনের ছাদে মানববন্ধন করে।
নিমার সহপাঠীরা বলেন, প্রশাসন যদি নিমা হত্যার বিচারে যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে তারা আন্দোলনে নামবেন।
রোববার শিক্ষার্থীরা রাজশাহী মহানগরীতে মানববন্ধন ও শোকর্যালি করার ঘোষণা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৫ ঘ.
bdnews24