নোয়াখালী, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাণিজ্যিকীকরণ পরিহার করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ ম স আরেফিন সিদ্দিক।
তিনি বলেন, "মানবিকাতা, মূল্যবোধ শেখানোর মাধ্যমে দেশীয় সংস্কৃতির বোধ জাগিয়ে তুলে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।"
শুক্রবার নোয়াখালী সায়েন্স অ্যান্ড কমার্স কলেজের উদ্বোধন এবং এবারের এসএসসি পরীক্ষায় বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ড. আরেফিন এ কথা বলেন।
তিনি বলেন, "শিক্ষা প্রতিষ্ঠান কখনো প্রাইভেট হতে পারে না। রাষ্ট্রেরই সকল নাগরিকের শিক্ষার অধিকার নিশ্চিত করার কথা। কিন্তু আমাদের আর্থ-সামাজিক বাস্তবতায় গড়ে ওঠা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্যই বাণিজ্য। তাদের উচিত বাণিজ্যের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।"
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে ড. আরেফিন বলেন, "শিক্ষার মাধ্যমে আগে নিজের মনকে আলোকিত করতে হবে। তাহলে একদিন দেশ আলোকিত হবে।"
তিনি বলেন, "একজন শিক্ষার্থীর শিক্ষা নির্ভর করে পারিবারিক শিক্ষার উপর। তাই অভিভাবকদের উচিত হবে নিজের সন্তানকে উন্নত পারিবারিক শিক্ষা দেওয়া।"
সায়েন্স অ্যান্ড কমার্স কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. আফতাব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সঞ্জয় কুমার অধিকারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী মো. সলিম উল্লাহ।
একই অনুষ্ঠানে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও লাকসাম এলাকার এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ সহস্রাধিক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৮৬৭ ঘ.
bdnews24