চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় এক ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে সাধারণ ছাত্র-ছাত্রীরা।
বুধবার সকাল সাড়ে ১১টায় 'লাঞ্ছনা বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রী'র ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টরের মাধ্যমে উপাচার্যকে এ স্মারকলিপি দেয়।
এর আগে জাহিদুর রহমান রোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ৬ জুন লাঞ্ছনা বিরোধী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন বিশ্ববিদ্যালয় প্রশাসন পণ্ড করে দেয়।
ছাত্রী লাঞ্ছনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের গত ১ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন ঘেরাওয়ের সময় শিক্ষককে ধাক্কা মারার অভিযোগে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুর রহমান রোকনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। একই সময় সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দারকে জুতা মারার অভিযোগে রসায়ন স্নাতকোত্তরের ছাত্র দয়াল চন্দ্র দেবনাথকেও এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
এ ছাড়া ছাত্রী লাঞ্ছনার ঘটনায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী শামসুল ইসলাম রাজুকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
লাঞ্ছনা বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীর পক্ষে সুমি চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপাচার্যকে দেওয়া স্বারকলিপিতে জাহিদুর রহমান রোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য চলতি মাসের মধ্যেই সময় বেঁধে দেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।
উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে জাহিদুর রহমান রোকনকে নির্দোষ দাবি করা হয়েছে।
এ ব্যাপারে প্রক্টর ড. মো. জসীম উদ্দিন বলেন, স্মারকলিপি নেওয়া হয়েছে। তবে এ ঘটনা নিয়ে যেকোনো আন্দোলন কর্তৃপক্ষ কঠোরভাবে দমন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/ডিডি/২০১০ ঘ.
bdnews24