চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় এক ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত 'লাঞ্ছনা বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রী বৃন্দ'র সংবাদ সম্মেলন পণ্ড করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের তৃতীয় তলায় সংবাদ সম্মেলন শুরুর পরপরই পুলিশসহ প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অনুষ্ঠান বাতিল করে চলে যেতে বাধ্য করে।
১ জুন ক্যাম্পাসে ছাত্রী লাঞ্ছনার প্রতিবাদে প্রশাসনিক ভবন ঘেরাওয়ের সময় শিক্ষককে ধাক্কা মারার অভিযোগে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষে ছাত্র জাাহিদুর রহমান রোকনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
একই সময় একজন শিক্ষককে জুতা ছুড়ে মারার অভিযোগে রসায়ন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র দয়াল চন্দ্র দেবনাথকেও এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
ছাত্রী লাঞ্ছনার অভিযোগে ছাত্রলীগ কর্মী রাজুকে বহিষ্কার করা হয় আজীবনের জন্য।
লাঞ্ছনা বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রী বৃন্দ'র পক্ষে সুমি চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংবাদ সম্মেলন শুরুর একটু পরেই ভিডিও ক্যামেরাসহ প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যরা অনুষ্ঠানস্থলে হঠাৎ উপস্থিত হয়ে আমাদের ছবি তুলেন। এরপর ক্যাম্পাাসে কোন ধরনের সংবাদ স্েম্মলন করা যাবে না- জানিয়ে আমাদের চলে যেতে বাধ্য করেন।"
তিনি বলেন, "বর্তমানে ক্যাম্পাসে অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী প্রশাসন ব্যবস্থা থাকায় আমরা সংবাদ সম্মেলন করতে পারিনি।"
চট্টগ্রাম শহরে সংবাদ সম্মেলন করা হবে বলে সুমি জানান।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ আলম বলেন, "বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও রাজনীতি সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।"
তিনি দাবি করেন, একটি অন্যায় ইস্যু নিয়ে ছাত্র আন্দোলনের নামে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করার প্রচেষ্টা চালানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে এমন কোন কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাহিদুর রহমান রোকন দুজন শিক্ষককে লাঞ্ছিত করেছে। এটা প্রমাণিতও হয়েছে। সে তার উপযুক্ত শাস্তিই পেয়েছে।"
একজন অপরাধীর পক্ষে কোন ছাত্র আন্দোলন হতে পারে না। তাই সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়নি বলে তিনি জানান।
সংবাদ সম্মেলন পণ্ড হওয়ার দেওয়া সুমি চক্রবর্তী স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়, জাহিদুর রহমান রোকন প্রগতির পরিব্রাজক দল- প্রপদ এর একজন সংগঠক। তিনি কবি ও সংস্কৃতি কর্মী হিসেবেও সুপরিচিত। একজন সচেতন ছাত্রনেতা ও সংস্কৃতবান মানুষ হিসেবে তিনি শিক্ষকদের লাঞ্ছিত করতে পারেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমএসবি/১৭৩৩ ঘ.
bdnews24