২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়মাসের সেশনজটে রাবির শিক্ষার্থীরা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষের জেরে টানা ৮২ দিন বন্ধ থাকায় ছয়মাসের সেশনজটে পড়তে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৬ হাজার শিক্ষার্থী। ১ জুন ক্লাস শুরু হওয়ার পর সেশনজট কমিয়ে আনতে শিক্ষকদের বাড়তি ক্লাস ও স্থগিত পরীক্ষা দ্রুত নেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। জানাচ্ছেন ইসমাইল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 10:07 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষের জেরে টানা ৮২ দিন বন্ধ থাকায় ছয়মাসের সেশনজটে পড়তে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৬ হাজার শিক্ষার্থী। ১ জুন ক্লাস শুরু হওয়ার পর সেশনজট কমিয়ে আনতে শিক্ষকদের বাড়তি ক্লাস ও স্থগিত পরীক্ষা দ্রুত নেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। গত ১৩ মার্চ রাবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে শিবিরের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী নিহত এবং পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক লোক আহত হন। এ ঘটনায় রাবিসহ রাজশাহীর আটটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহম্মদ আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১ জুন ক্লাস শুরু হওয়ার পর বিভিন্ন বিভাগ তাদের স্থগিত পরীক্ষার রুটিন তার দপ্তরে পাঠিয়েছে। "বছরের প্রথম ৩-৪ মাস বিভাগগুলোতে পরীক্ষা হয় বেশি। অনাকাক্সিক্ষতভাবে ক্যাম্পাস বন্ধ হওয়ায় স্থগিত পরীক্ষা ও ক্লাস শেষ করতে শিক্ষার্থীদের প্রায় ছয় মাসের সেশনজটে পড়তে হবে।" পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় কেবল মার্চ মাসে অনুষ্ঠেয় সাতটি অনুষদ ও ৪৭টি বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীর ১৫৮টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়। এছাড়া এপ্রিল-মে মাসে আরও প্রায় দুই শতাধিক পরীক্ষা হওয়ার কথা ছিল। ১ জুন ক্যাম্পাস খোলার পর বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত ১১টি তত্ত্বীয় এবং দু'টি ব্যবহারিক পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০০৮ সালের রসায়ন পার্ট-১ এর পরীক্ষা ৬ জুন; ফিশারিজ, ফলিত রসায়ন, সমাজ বিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা পার্ট-২ এর পরীক্ষা যথাক্রমে ৬, ৮, ৯ এবং ২০ জুন; গণিত ও আইন পার্ট-৩ এর পরীক্ষা ১০ ও ১১ জুন; আইন পার্ট-৪ এর পরীক্ষা ১৩ জুন; ফলিত রসায়নের মস্টার্স- ২০০৭ এর পরীক্ষা ৭ জুন এবং রাষ্ট্রবিজ্ঞান ও আইন-২০০৮ এর মাস্টার্সের পরীক্ষা ৯ ও ২৫ জুন অনুষ্ঠিত হবে। এছাড়া গণিত ও ফলিত রসায়নের দুটি বর্ষের ব্যবহারিক পরীক্ষার রুটিন এবং আরও দুটি পরীক্ষার ফরম পূরণের নোটিশ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা হয়েছে। সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র শহীদুল ইসলাম ও হোজ্জাতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগস্ট মাসে ক্লাশ শেষে সেপ্টেম্বরে তাদের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু অনির্ধারিত বন্ধে এ বছর ওই পরীক্ষা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সোহেল রানা বলেন, "২০ মার্চ তাদের পরীক্ষা হওয়ার কথা থাকলেও ক্যাম্পাস বন্ধ হওয়ায় তা পিছিয়ে তিন মাস পর ২০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যথা সময়ে পরীক্ষা না হওয়ায় তারা কমপক্ষে ছয় মাসের সেশন জটে পড়বে।" ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া ওমর ফারুক জানান, ১৪-১৯ মার্চ ব্যবহারিক পরীক্ষার পর ক্যাম্পাস ত্যাগ করার কথা থাকলেও হঠাৎ বন্ধ ঘোষণা করায় সেই পরীক্ষা স্থগিত হয়ে যায়। ১৩ জুন পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ২ জুন এক লিখিত বিবৃতিতে উপাচার্য সোবহান বলেন, "শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষকদের নিয়মিত ছাড়াও প্রয়োজনে বাড়তি ক্লাস নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বিভাগগুলোকে স্থগিত পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে।" এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "শিক্ষকরা আন্তরিক হলে শিক্ষার্থীরা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।" বিবৃতিতে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য ছাত্র সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন তিনি। সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মশিহুর রহমান বলেন, "বন্ধে স্থগিত পরীক্ষাগুলোর রুটিন প্রকাশ করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এজে/এমএসবি/১৬১২ ঘ.