গোপালগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষার ১২টি উত্তরপত্রসহ জালিয়াতচক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ বুধবার বিকালে শহরের জনতা রোডের একটি মেসে অভিযান চালিয়ে সোহেল রানা মাসুম নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
মাসুম গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স (ব্যবস্থাপনা) শেষ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার গাংনী গ্রামে। বাবার নাম আব্দুস সবুর শেখ।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, একটি চক্র বহুদিন ধরে ডিগ্রি পরীক্ষার উত্তরপত্র জালিয়াতি কাজ করে আসছে। চক্রটির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের ব্যাপারেও খোঁজ খবর নেয়া হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/টিআর/১৯১৩ ঘ.
bdnews24