ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছুরিকাঘাতে খুন হওয়া রাজধানীর নটরডেম কলেজের ছাত্রের লাশ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম আজিজুল হাকিম। সে নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে তার পরিচয়পত্রের সূত্র ধরে নিশ্চিত হয়েছে পুলিশ।
আজিজুল হাকিমের বাবার নাম আবুল কালাম। তার বাসা সবুজবাগ থানার মাণ্ডা এলাকায়।
আরামবাগের ১৫০/১ নম্বর বাসার তৃতীয় তলার সিঁড়ি থেকে রক্তাক্ত অবস্থায় হাকিমকে উদ্ধার করে পুলিশ।
মতিঝিল থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ওই বাড়ির মেসের বাসিন্দা দুই ছাত্র সারোয়ার আলম ও আহসানুল হক প্রথমে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে অন্যদের জানান। এরপর বাসার লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ হাকিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম সাজ্জাদ জানান, হাকিমের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এসকে/১৭১৭ঘ.
bdnews24