রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৮২ দিন বন্ধ থাকার পর সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে। শনিবার খুলে দেওয়া হয়েছে ১৬টি আবাসিক হলগুলো।
বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি আবাসিক হলে ১৫ জন করে ও ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড।
১৩ মার্চ রাবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে শিবির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী নিহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শনিবার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে উঠতে আন্তরিকতার সঙ্গে ক্লাস এবং সময় মত পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সকালে ক্যাম্পাসের প্রধান তিনটিসহ সাতটি ফটকে পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। আবাসিক ছাত্ররা রেজিস্ট্রি খাতায় নাম লিপিবদ্ধ করে হলে উঠেন।
সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ ড. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর পর্যন্ত এক তৃতীয়াংশ ছাত্র হলে উঠেছে। আবাসিক শিক্ষার্থীরা নিজের নাম, বিভাগ, মোবাইল নম্বরসহ নয়টি তথ্য রেজিস্ট্রি খাতায় পূরণ করে সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত হলে উঠতে পারবে।"
তিনি জানান, ১৫ জন পুলিশ সার্বক্ষণিক হলে অবস্থান করবে।
নবাব আব্দুল লতিফ হলের আবাসিক ছাত্র মামুন কাইউম বলেন, "দীর্ঘদিন পর হলে উঠতে পেরে বেশ ভাল লাগছে।"
এ রকম নিরাপত্তা ব্যবস্থা থাকলে ক্যাম্পাসে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হবে না বলে তিনি মনে করেন।
সহকারী প্রক্টর অধ্যাপক মুস্তাক আহমেদ জানান, ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টি পুলিশ প্রশাসনের কাছে ন্যস্ত করা হয়েছে। বহিরাগতের প্রবেশ ঠেকাতে আবাসিক হলসহ সকল ফটক এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
এছাড়া বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। শিক্ষার্থীসহ ক্যাম্পাসের সকলকে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অনাকাঙ্খিত কারণে আর যেন ক্যাম্পাস বন্ধ না হয় সেদিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্ভব্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলেও জানান সহকারী প্রক্টর।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সরদার নুরুল আমীন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সার্বক্ষণিক অতিরিক্ত পাঁচশ' পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজন এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে ক্যাম্পাসে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, সিটি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, প্যারামেডিকেল ইনস্টিটিউটও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
এর মধ্যে প্যারামেডিকেল ইনস্টিটিউট ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০১ ঘ.
bdnews24