ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭ সালের বি ফার্ম পরীক্ষায় কৃতিত্বের জন্য তিন শিক্ষার্থীকে ফার্মেসী অনুষদ ডিনস্ পুরস্কার দিয়েছে।
বুধবার বিজ্ঞান গ্রন্থাগারের লেকচার থিয়েটারে অনুষদের নবীনবরণ এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন জুবায়ের আল মাহমুদ, শারমিন রেজা চৌধুরী এবং সজল কুমার সাহা।
নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ডিন এবং ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক নবীন শিক্ষার্থীদের প্রতি নিজেদের দক্ষ ফার্মাসিস্ট হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, প্রায়োগিক দিক থেকে জ্ঞানার্জন এবং দেশের প্রতি দায়িত্ববোধ থেকে অর্জিত জ্ঞানের প্রয়োগ করতে হবে।
ক্লিনিক্যাল ফার্মেসী এবং ফার্মাকোলোজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, "দারিদ্র্যসীমার নিচে থাকা দেশের প্রায় অর্ধেকের বেশি মানুষ এখনও চিকিৎসা সেবা পায় না। দেশের ৭০ ভাগ গর্ভবতী মা রক্তশূন্যতায় ভোগেন। এই অবহেলিত জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিস্টদের কাজ করতে হবে।"
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এইডস এর ওষুধ তৈরির উদ্যোগ নিতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, অধ্যাপক আ ব ম ফারুক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২২১৮ঘ.
bdnews24