রাজশাহী, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী বিনোদপুর বাজারে পুলিশের ওপর হামলার মামলায় আরও চার শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে বিনোদপুরের আতফাল মঞ্জিল ছাত্রাবাস থেকে কাউছারুল ইসলাম, নিশাত আহমেদ, শাহিনুর ও শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় এ পর্যন্ত ৩৬ শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হল।
নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার বহিরাগতদের নিয়ে শিবির নেতা-কর্মীরা বিনোদপুরে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ-শিবির সংঘর্ষ এবং শিবির সদস্যরা পুলিশ এবং পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা চালায়। হামলায় পুলিশের দুই কর্মকর্তা নিয়ে ১০ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়।
এ ঘটনায় মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদী হয়ে মতিহার থানায় দু'টি মামলা দায়ের করেন।
মতিহার থানার ওসি হাবিবুর রহমান জানান, সোমবার রাতে বিনোদপুরের বিভিন্ন ছাত্রবাসে পুলিশ তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলার অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়েছে।
১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা শিবির নেতা শরিফুজ্জামান নোমনী নিহত হন। এ ঘটনায় রাবিসহ রাজশাহীর আটটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে প্যারামেডিকেল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। ১ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে। ক্যাম্পাসগুলোতে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৩৩ ঘ.
bdnews24