ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ২,৭২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
তিনি জানান,এবার সবগুলো বোর্ডে স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান মিলিয়ে ২,৭২৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গতবার এই সংখ্যা ছিল ২,২৭২টি।
শিক্ষা মন্ত্রী ২০০৫ সাল থেকে শূন্য পাস করেছে এমন প্রতিষ্ঠানের পরিসংখ্যান তুলে ধরে বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার গুণগত মান বৃদ্ধি পাওয়ায় ক্রমান্বয়ে শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।"
২০০৫ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠান ছিল ৫৩৭টি ।২০০৬ সালে বেড়ে দাঁড়ায় ১৪২৯টি। ২০০৭ সালে ৭৭৪টি এবং ২০০৮ সালে হয় ২২৭২টি।
গতবারের চেয়ে এবার ৪৫৪টি বেশি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বোর্ডে ১০৭টি, রাজশাহীতে ২২, কুমিল্লায় ৪৫, যশোরে ৩৩, চট্টগ্রামে ২৮, বরিশালে ৩৫, সিলেটে ৩৯, দিনাজপুর বোর্ডে ৩৪টি।
সবচেয়ে বেশি শতভাগ প্রতিষ্ঠান মাদ্রাসা বোর্ডে। এই বোর্ডে ২৩২৭টি মাদ্রাসার সব শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। কারিগরী বোর্ডে শতভাগ পাস করা প্রতিষ্ঠান ৫৬টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এমএ/এইচএ/২২৩০ ঘ.
bdnews24