ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সিটিসেল জাতীয় স্কুল ফুটবলের চূড়ান্তপর্বে মঙ্গলবার বড় জয় পেয়েছে বরগুনা জেলা স্কুল ও মৌলভীবাজারের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়। এছাড়া একই দিনে জিতেছে কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, রাজা সূর্য্য কুমার ইন্সটিটিউট ও ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাজীবের হ্যাট্রিকে বরগুনা জেলা স্কুল ৫-২ গোলে হারিয়েছে নীলফামারীর কয়াগোলাহাট উচ্চ বিদ্যালয়কে। এছাড়া সোহেল করেছেন একটি গোল। কয়াগোলাহাটের পক্ষে বাদশা করেছেন দুই গোল। ব্রাদার্স ইউনিয়ন মাঠে মৌলভীবাজারের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে রামু খিজারী উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। বিল্লাল দুটি এবং কাজী ও ইসমত একটি করে গোল করেছেন।
এছাড়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অন্য ম্যাচে খুলনার কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে মাগুরার আরএসকেএইচ ইন্সটিটিউশন মোহাম্মদিয়াকে হারিয়েছে। বিজয়ী দলের মামুন ও ওয়াহিদুজ্জামান একটি করে গোল করেছেন। ব্রাদার্স মাঠে কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ২-১ গোলে বি. বাড়ীয়ার জিয়া সার কারখানা উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। বিজয়ী দলের আশরাফুল ও গোলাম একটি করে গোল করেছেন এবং সার কারখানা স্কুলের গোলদাতা তুহিন। আবাহনী মাঠে রাজবাড়ীর রাজা সূর্য্য কুমার ইন্সটিটিউট ১-০ গোলে ঝিনাইদহের মোসলেহ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়েছে, গোলদাতা বন্ধন। অন্য ম্যাচে পাবনার ইউনুছ আলী উচ্চ বিদ্যালয় ২-০ গোলে বরিশালের টাউন মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়েছে, গোল করেছেন সহিদ ও মাইনুদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০৪০ঘ.
bdnews24