ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কলেজটির শিক্ষার্থীরা ম্যাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে 'ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় বস্তাবায়ন ছাত্র সংগ্রাম পরিষদের' ব্যানারে মানববন্ধন শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মে গণস্বাক্ষরসহ শিক্ষামন্ত্রী ও ঢাকা কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান এবং গত সপ্তাহে শিক্ষার্থীদের ওপর 'পুলিশী হামলার' প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদান।
এছাড়া ১ জুন গণস্বাক্ষরসহ প্রধানমন্ত্রী, ৮ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ১৫ জুন রাষ্ট্রপতি, ২০ জুন শিক্ষামন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এবং ২১ জুন ঢাকা-১৫ আসনের সাংসদ ব্যরিস্টার ফজলে নূর তাপসের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সব রকম সুবিধার দাবিতে শিক্ষার্থীরা প্রায় দু'সপ্তাহ ধরে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এসকে/২১০৯ঘ.
bdnews24