২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে তল্লাশি চালিয়ে ১৬ জনকে আটক করেছে পুলিশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর শুক্রবার রাতে একযোগে ছাত্রদের ছয়টি আবাসিক হল ও দুটি কটেজে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। ১২টা থেকে ৩টা পর্যন্ত চালানো অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 07:20 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর শুক্রবার রাতে একযোগে ছাত্রদের ছয়টি আবাসিক হল ও দুটি কটেজে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। ১২টা থেকে ৩টা পর্যন্ত চালানো অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাচাই-বাছাইয়ের পর আটকদের মধ্য থেকে দোষীদের গ্রেপ্তার দেখানো হবে।" তিনি জানান, বেশ কয়েকটি কক্ষের তালা ভেঙে তল্লাশি চালানো হয়েছে। এ সময় প্রায় অর্ধশতাধিক লাঠি, হকিস্টিক ও রড উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহম্মদ জসিম উদ্দিন বলেন, "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ তল্লাশি চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সহযোগিতা করেছে।" উপাচার্য অধ্যাপক ড. আবু ইফসুফ আলম জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য হল তল্লাশি ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ছাত্রলীগের ১৭ জন ও ছাত্রশিবিরের ৬ জন নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী রয়েছেন। আহতদের মধ্যে ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছাত্রলীগের জাহিদ, ছাত্রশিবিরের মনসুরুল আলম মজুমদার এবং আব্দুর রব হলের ছাত্রলীগ সভাপতি মারুফের অবস্থা আশংকাজনক। ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষের ঘটনায় আগামী ২১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার প্রশাসনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এজে/জিএনএ/১৩২৫ ঘ.