ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজের ছাত্ররা বুধবার সকালে বিক্ষোভ করেছে। এসময় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে ৮ ছাত্র ও ২ পুলিশ আহত হয়।
বিক্ষুব্ধ ছাত্ররা সকালে মিরপুর সড়ক অবরোধ করলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সকাল সাড়ে ১০টার দিকে একদল ছাত্র ঢাকা কলেজকে 'ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়' করার দাবিতে ক্যাম্পাসের ভেতর শহীদ মিনারে সমবেত হয়। ছাত্ররা সেখানে সমাবেশ করে এবং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে বক্তব্য রাখে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্ররা সমাবেশ শেষে মিছিল করে সায়েন্স ল্যাবরেটরি মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা ক্যাম্পাসে না গিয়ে কলেজের মূল গেটের সামনে মিরপুর সড়কে অবস্থান নেয়। এ সময় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি জানান, স্বাভাবিক যান চলাচলের স্বার্থে তাদেরকে রাস্তা ছেড়ে যেতে বলা হলে একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়। এসময় পুলিশ মৃদু লাঠিচার্জ করে ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে।
প্রায় আধঘন্টা ধরে এ অবস্থা চলার পর তারা ক্যাম্পাসে ফিরে গেলে বেলা প্রায় ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
পুলিশ প্রায় ৩৯ রাউন্ড টিয়ার সেল ছুঁড়ে বলে কামাল উদ্দিন জানান।
সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । পথচারীসহ সবাই দৌড়ে নিরাপদ দূরত্বে চলে যায় এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। এসময় নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরী মোড় পর্যন্ত প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।
ঢাকা কলেজের অধ্যক্ষ ড. সিরাজউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্ররা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে এই আন্দোলন করছে। তবে এ দাবিতে বুধবার তাদের বিক্ষোভ কর্মসূচীর বিষয়টি তিনি জানতেন না। বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিকসহ বিভিন্ন শ্রেণীর পরীক্ষা চলছে। এ অবস্থায় তাদের এ কর্মসূচি পালন করা ঠিক হয়নি।"
তিনি জানান, কলেজের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিষয়টি নিয়ে তিনি ছাত্রদের সঙ্গে কথা বলবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এমডি/এইচএ/১৮৩৩ ঘ.
bdnews24