২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েটে ছাত্র সংঘর্ষে আহত ২৫, বিশ্ববিদ্যালয় বন্ধ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার দুপুরে (কুয়েট) দু'দল ছাত্রের মধ্যে দফায় দফায় সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২৫ আহত হয়েছেন। এ ঘটনায় আগামী ৩০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নাসিম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

খুলনা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার দুপুরে (কুয়েট) দু'দল ছাত্রের মধ্যে দফায় দফায় সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২৫ আহত হয়েছেন। এ ঘটনায় আগামী ৩০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নাসিম আহমেদ। তিনি জানান, ক্লাশ বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলবে। আহতদের মধ্যে আছেন- সমকালের স্টাফ রিপোর্টার কনক রহমান, পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীর, চ্যানেল ওয়ানের ক্যামেরাম্যান হায়দার আলী, সমকালের ফটোসাংবাদিক জাহিদুল ইসলাম ও দেশ টিভির ক্যামেরাম্যান মিলন, শিক্ষার্থী শোভন, জিকো, জনি, রানা। আহতরা স্থানীয় ক্লিনিক ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া তিনজন পুলিশ সামান্য আহত হয়েছে। পুরোকৌশল বিভাগের প্রধান মো. আলমগীর হোসেনের পদত্যাগের দাবি করার ঘটনায় এ বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ছাত্রদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভাংচুর করে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে। এসি রবিউল জানান, গত ৭ এপ্রিল পুরোকৌশল বিভাগের নবীনবরণ অনুষ্ঠান চলাকালে ওই বিভাগের ছাত্ররা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের এক ছাত্রের সঙ্গে অসদাচরণ করেন। এ ঘটনার পর দু'টি বিভাগের ছাত্রদের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের নবীনবরণ অনুষ্ঠানে পুরোকৌশলের ছাত্ররা বাধা দেয়। এক পর্যায়ে তারা অনুষ্ঠানের মঞ্চ ভেঙে ফেলে। এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে পুরোকৌশলের ডিন মো. আলমগীর হোসেনের পদত্যাগের দাবিতে ইলেকট্রিকের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ড. মাহবুব আলমের কার্যালয়ের সমানে বিক্ষোভ শুরু করে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৯ ঘ.