ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য একই পাঠ্যক্রম চালু করতে চায় সরকার।
রোববার শিক্ষানীতি প্রণয়ন কমিটির প্রথম সভা চলাকালে কমিটির চেয়ারম্যান অধ্যাপক কবীর চৌধুরী ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের একথা জানান।
গঠিত হওয়ার ২৫ দিন পর সকালে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েমে) কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
কবীর চৌধুরী বলেন, "আমরা চাই অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত একমুখী শিক্ষা চালু হোক এবং কারিকুলাম একই হোক।"
তিনি বলেন, "সারাদেশে বর্তমানে প্রাথমিক স্তরে ১১ ধারার শিক্ষা ব্যবস্থা রয়েছে। এতে করে নানা ধরনের বিভাজন তৈরী হচ্ছে। এ ১১ ধারা থেকে 'কেটেছেঁটে' বাদ দিয়ে কিভাবে একই ধারায় আনা যায়, সেটাই আমাদের ভাবতে হবে।"
কবীর চৌধুরী বলেন, "বিশেষ সময় পর্যন্ত একমুখী শিক্ষাই আবশ্যক। এতে করে ঐক্য, সাম্য বাড়বে এবং আমাদের মধ্যে একতার সৃষ্টি হবে। ভিন্নমুখী শিক্ষার কারণে ভিন্নতা সৃষ্টি হচ্ছে।"
তিনি বলেন, "আমাদের দৃঢ় বিশ্বাস, তিন মাসের মধ্যেই আমরা এ শিক্ষানীতি প্রণয়ন করতে পারব।
পঞ্চম শ্রেণী পর্যন্ত একমুখী শিক্ষাব্যবস্থা চালুর বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, "আমাদের দৃষ্টিভঙ্গিটা এরকমই। আমরা প্রাথমিক স্তরে একই কারিকুলাম করতে চাই। প্রাথমিক স্তরে নানা ধরনের বৈষম্য রয়েছে। এটি দূর করতে চাই।"
তিনি বলেন, "সব শিশুর জন্য একই পদ্ধতির শিক্ষা চালু করা বড় ধরনের একটি চ্যালেঞ্জ। তারপরও আমরা এটি করতে চাই।"
শিক্ষানীতি প্রণয়ন কমিটির বিষয়ে নূূরুল ইসলাম নাহিদ বলেন, "কবীর চৌধুরীর শারীরিক অবস্থা ও তার অন্যান্য কাজের কারণে কমিটির সদস্য ড. খলীকুজ্জামান আহমদকে কো-চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া কমিটিতে আরো দু সদস্যকে কোঅপ্ট করা হয়েছে। তারা হলেন- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আর আই এম আমিনুর রশিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ড. শাহীন কবির।"
শাহীন কবির এ কমিটির চেয়ারম্যান কবীর চৌধুরীর কন্যা।
আগামী তিন মাসের মধ্যে এ কমিটি তাদের প্রতিবেদন পেশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য ড. মুহাম্মদ জাফর ইকবাল, ড. কাজী শহীদুল্লাহ, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, নতুন সদস্য ড. শাহীন কবির, শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান প্রমুখ।
৮ এপ্রিল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে শিক্ষানীতি প্রণয়ন কমিটি ঘোষণা করেন। প্রথম বৈঠকের ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা কমিটির।
জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটিতে জনপ্রিয় লেখক ও বিজ্ঞানের শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল, অর্থনীতি সমিতির নেতা ড. কাজী খলীকুজ্জামান আহমদসহ ১৬ জন সদস্য রয়েছেন।
স্বাধীনতার পর নয়টি শিক্ষা কমিশন গঠন ও নীতি প্রণীত হলেও এখন পর্যন্ত কোন কমিশনের সুপারিশ বা কোন নীতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। বিক্ষিপ্তভাবে কিছু সুপারিশ বাস্তবায়িত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/জিএনএ/
bdnews24