ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গঠিত হওয়ার ২৫ দিন পর রোববার নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি প্রথম বৈঠকে বসছে।
কমিটির সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল দশটায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি ( নায়েমে) অনুষ্ঠিত হবে এই বৈঠক।
৮ এপ্রিল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে শিক্ষানীতি প্রণয়ন কমিটি ঘোষণা করেন। প্রথম বৈঠকের ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা কমিটির।
জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটিতে জনপ্রিয় লেখক ও বিজ্ঞানের শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল, অর্থনীতি সমিতির নেতা ড. কাজী খলীকুজ্জামান আহমদসহ ১৬ জন সদস্য রয়েছেন।
কমিটি ঘোষণার সময় শিক্ষামন্ত্রী বলেছিলেন, "আমরা পাঁচ বছর ধরে কোনো শিক্ষানীতি চর্চা করতে চাই না। এ বছরই যেন নতুন শিক্ষানীতি বাস্তবায়নের কাজ শুরু করতে পারি সেজন্য কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রথম বৈঠক থেকে তার সময় ধরা হবে।"
তিনি জানিয়েছিলেন, কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের আলোকে আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে করা ড. শামসুল হক শিক্ষানীতিকেই 'যুগোপযোগী করে' নতুন শিক্ষানীতি করা হবে।
স্বাধীনতার পর নয়টি শিক্ষা কমিশন গঠন ও নীতি প্রণীত হলেও এখন পর্যন্ত কোন কমিশনের সুপারিশ বা কোন নীতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। বিক্ষিপ্ত ভাবে কিছু সুপারিশ বাস্তবায়িত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জিএনএ/১৪১৯ ঘ.
bdnews24