২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষকদের প্রথম শ্রেণীর মর্যাদার সুপারিশ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের প্রথম শ্রেণীর কর্মকর্তার সম মর্যাদা দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তবে যেসব শিক্ষক কমপক্ষে ছয় হাজার আটশ' টাকার স্কেলে বেতন পান কেবল তারাই এ মর্যাদা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 09:27 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা,এপ্রিল, ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের প্রথম শ্রেণীর কর্মকর্তার সম মর্যাদা দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তবে যেসব শিক্ষক কমপক্ষে ছয় হাজার আটশ' টাকার স্কেলে বেতন পান কেবল তারাই এ মর্যাদা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এই সুপারিশ করা হয়। সভা শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন এ কথা জানান। তিনি বলেন,"সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যেসব সহকারি শিক্ষক প্রথম শ্রেণীর কর্মকতাদের মতো স্কেলে বেতন পান তাদেরকে আমরা প্রথম শ্রেণীর কর্মকর্তার করার ব্যবস্থা করবো।" বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) নেতারা স্থায়ী কমিটির এ সিদ্ধান্তে খুশি হয়েছেন। তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছিলেন। সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইনছান আলী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছিলাম। এ অবস্থায় স্থায়ী কমিটির এ সিদ্ধান্তে আমরা খুশী হয়েছি। তবে একই সঙ্গে যারা পাঁচ হাজার একশ' টাকার স্কেলে বেতন পাচ্ছেন তাদেরকে দ্বিতীয় শ্রেণীর কর্মকতার মর্যাদা দেওয়ার দাবি জানাচ্ছি। " মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ফরিদ উদ্দিন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চার হাজারেরও কম বা বেশী সহকারি শিক্ষক ছয় হাজার আটশ' টাকা কিংবা তার বেশি স্কেলে বেতন পাচ্ছেন। তিনি জানান, বর্তমানে সারা দেশে ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সাত হাজার সাতশ' ৬৪ জন সহকারি শিক্ষক রয়েছেন। এসব শিক্ষকরা চাকরির শুরুর সময় পাঁচ হাজার একশ' টাকার স্কেলে বেতন পান। কিন্তু চাকরির সময় বাড়ার সঙ্গে সঙ্গে ইনক্রিমেন্ট যোগ হয়ে বেতন স্কেলও বাড়তে থাকে। দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের স্কেলে বেতন পেলেও এসব শিক্ষকের পদমর্যাদা তৃতীয় শ্রেণীর বলে জানান ফরিদ উদ্দিন। রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক একে এম মোস্তফা কামাল জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাত হাজার সাতশ'৬৪ জন সহকারি শিক্ষকের মধ্যে দুই তৃতীংশই ছয় হাজার আটশ টাকা কিংবা তারও বেশি স্কেলে বেতন পান। আর বাকি এক তৃতীয়াংশের মতো বেতন পান পাঁচ হাজার একশ' টাকার স্কেলে কিংবা তার বেশি। শিক্ষক নেতা ইনছান আলীও জানান, মোট সহকারি শিক্ষকদের মধ্যে তিন ভাগের দুই ভাগই ছয় হাজার আটশ' টাকা কিংবা তার বেশি স্কেলে বেতন পাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/১৫২৯ঘ.