২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক স্তরে একই কারিকুলাম হবে: নাহিদ

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য একই ধরনের কারিকুলাম প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার বিকালে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে লেখক মুহম্মদ জাফর ইকবালের লেখা 'ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে মুক্তির উদ্যোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য একই ধরনের কারিকুলাম প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার বিকালে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে লেখক মুহম্মদ জাফর ইকবালের লেখা 'ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে মুক্তির উদ্যোগ। শিক্ষামন্ত্রী বলেন, "আমরা কারিকুলামে পুর্ণাঙ্গ পরিবর্তন আনতে চাই। যাতে শিশুরা একই কারিকুলামে পড়াশোনা করতে পারে। বর্তমানে প্রাথমিকে এগার ধারার শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। আমরা এক ধারার শিক্ষা চাই। যাতে শিশুরা শুরুতেই একই ধরনের শিক্ষায় শিক্ষিত হয়। এজন্য আমরা চেষ্টা করবো সবার জন্যই একই কারিকুলাম তৈরির।" এ প্রসঙ্গে নাহিদ জানান, আগামী বছরের প্রাইমারী ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক সংশোধনের কাজ চলছে। এ লক্ষ্যে কমিটিও করে দেওয়া হয়েছে, যাতে জাফর ইকবালের মতো শিক্ষাবিদ রয়েছেন। তাদের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে স্থান পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। জাফর ইকবালের 'ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস' বইটির প্রশংসা করে শিক্ষামন্ত্রী প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাছে বইটি পৌঁছে দেওয়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। বর্তমান সরকারের আমলে যুদ্ধপরাধীদের বিচার হবে বলেও আশা প্রকাশ করেন নাহিদ। শিক্ষা মন্ত্রী জানান, বর্তমানে ৯০ ভাগ শিশু স্কুলে ভর্তি হয়। কিন্তু পঞ্চম শ্রেণী শেষ করার আগেই প্রায় ৪৮ শতাংশ শিশু ঝরে পড়ে। বর্তমান সরকার ২০১১ সালের মধ্যে সব শিশুকে স্কুলে আনার লক্ষ্যে কাজ করছে এবং পর্যায়ক্রমে ঝরে পড়া বন্ধ করা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকারকর্মী সুলতানা কামাল, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি সারোয়ার আলী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইমামুজ্জামান প্রমুখ। বইয়ের লেখক জাফর ইকবাল তার শ্বাশুড়ীর মৃত্যুর কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জানান আয়োজকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২১৪০ ঘ.