২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে থাকছেন না প্রধানমন্ত্রী

দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ ছেড়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে এসব বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ সমর্পণে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত বিলের অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ ছেড়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে এসব বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ সমর্পণে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত বিলের অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়গুলো হল- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে 'প্রশংসনীয়' আখ্যায়িত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আগে রাষ্ট্রপতিই বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হতেন। কিন্তু বিএনপি'র গত আমল (৯১-৯৬) থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীকে চ্যান্সেলর করার নিয়ম চালু করা হয়। এখন আবারও আগের নিয়ম চালু হচ্ছে, এটা ভালো। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত প্রশংসনীয়।" সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, "আচার্যের পদ ছেড়ে দেওয়ায় মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে অল্প কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আচার্য থাকার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানান তারা।" প্রেস সচিব জানান, এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, "সরকারের নির্বাহী প্রধান হিসেবে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর থাকতে পারেন না।" শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটাকে আমি সুন্দর পদক্ষেপ হিসেবে মনে করি। কারণ বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য হলেন শীর্ষ কর্মকর্তা। আর এখানে রাষ্ট্রপতি আচার্য হবেন এটাই আমাদের প্রত্যাশা। সব বিশ^বিদ্যালয়ের জন্য একই নিয়ম হচ্ছে, আমি এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।" বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জানান, বর্তমানে দেশে ৩১ টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যে বেসরকারি সবকটি বিশ্ববিদ্যালয়ের এবং কয়েকটি বাদে সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসইউএম/এএল/২০৪৭ঘ.