২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে গাড়ি চলার সুবিধার নামে নির্বিচারে গাছের ডাল কর্তন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোতলা বাস চলাচলের জন্য শনিবার নির্বিচারে প্রায় ৫শ' গাছের ডাল-পালাসহ অধিকাংশ অংশ কেটে ফেলেছে কর্তৃপক্ষ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোতলা বাস চলাচলের জন্য শনিবার নির্বিচারে প্রায় ৫শ' গাছের ডাল-পালাসহ অধিকাংশ অংশ কেটে ফেলেছে কর্তৃপক্ষ। (বিস্তারিত) গাড়ি চলার জন্য যেসব স্থানে প্রয়োজন নেই সেসব স্থানেও ডাল কেটে ফেলা হয়েছে। অনেক গাছের কাণ্ড বাদে প্রায় পুরোটাই কাটা হয়েছে। সবুজ পরিবেশ ও পরিযায়ী পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত এ ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা এতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন । বাস চলাচলের জন্য মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেট থেকে প্রান্তিক গেট এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে শহীদ মিনার পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে নির্বিচারে গাছের ডাল-পালা কাটা হয়েছে। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সেগুন, মেহগনি, শিল কড়ই, আকাশমনি, কাঁঠাল, কদম, কৃষ্ণচূড়া, আম, জাম ও বটসহ বিভিন্ন প্রজাতির গাছের অংশ কাটা হয়েছে। কাটা ডালপালা লাকড়ি হিসেবে ১০০ টাকা মণ দরে প্রায় ৭০ মণ হিসেবে মাত্র ৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, এর ওজন হওয়া উচিত কয়েকশ মণ। স্থানীয় বাজারে ওই লাকড়ির দাম মণ প্রায় ৩শ' টাকা করে। এর আগে ক্যাম্পাসের গাছের ডালপালা কাটার জন্য কমিটি গঠন করলেও এবার কমিটি ছাড়াই তা করা হয়। লক্ষ্যণীয় বিষয় হচ্ছে বাস চলাচলের জন্য নির্ধারিত এলাকার বাইরেও অনেক গাছের ডাল কাটা হয়েছে। আল-বেরুণী হল সংলগ্ন এলাকা, শহীদ সালাম-বরকত হলের সামনের রাস্তার গাছসহ আরো কয়েকটি স্থানের গাছ কাটা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপ-রেজিস্ট্রার মো. আবু হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রসঙ্গে বলেন,'পরিবহন অফিসের অনুরোধে ডাল-পালা কাটা হয়েছে। এগুলো ১০০ টাকা মণ দরে ৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।' গাছের ডাল কাটার জন্য কোনো কমিটি করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন,'আমি জানি না।' পরিবহন অফিসের প্রশাসক অধ্যাপক মো. শাহেদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'বাস চলাচলের সুবিধার্থে রাস্তার ধারের ২০ ফুট উচ্চতাবিশিষ্ট গাছের অংশ বিশেষ কেটে ফেলার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি। ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয় এস্টেট অফিস দেখে। এক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটি তাদের দেখা উচিত।' এর জন্য কোনো কমিটি গঠন হয়নি বলে তিনি জানান। এ ব্যাপারে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক এ বি এম এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেউ তদারকি না করলে যারা গাছের অংশ কাটবে তারা লাভবান হওয়ার জন্য ইচ্ছা মতো কেটে নেবে। ফলে গাছের ক্ষতি হতে পারে। বারবার যদি এমন করা হয় তাহলে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হবে।" কমিটি গঠন না করে এভাবে গাছের ডাল কাটা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি। এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর ক্যাম্পাসের চার শতাধিক বড় গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীদের প্রবল বাধার মুখে গাছগুলো কাটা হয়নি। রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের ঢাকা থেকে আসা-যাওয়ার জন্য কর্তৃপক্ষ বিআরটিসির সঙ্গে পাঁচটি দোতলা বাস চলাচলের চুক্তি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩২৩ঘ.