ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং পদ্ধতির প্রথম ব্যাচের শিক্ষার্থীরা চাকুরিতে নিয়োগে গ্রেডিং পদ্ধতির মূল্যায়নে বৈষম্য দূর করার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে।
২০০১-০৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ দাবিতে গত সপ্তাহ থেকে আন্দোলন করছে।
বুধবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানব বন্ধন অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেছেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপনে গ্রেডিং পদ্ধতিকে ডিভিশন পদ্ধতির সঙ্গে তুলনা করা হচ্ছে যাতে তারা বৈষ্যমের শিকার হচ্ছেন। তারা
অবিলম্বে এই 'বৈষম্যের' অবসান করতে সরকারি এবং বেসরকারি চাকরির জন্য অভিন্ন ও সর্বজনগ্রাহ্য নীতিমালা প্রণয়ন এবং গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরও উল্লেখ করার দাবি জানান।
স্মারকলিপিতে ২০০১-'০৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আলাদাভাবে মূল্যায়ন করার দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২২১৮ঘ.
bdnews24