ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজ্ঞানভিত্তিক, একমুখী ও সার্বজনীন ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দু'দিনব্যাপী ২৬তম সম্মেলন শুরু হয়েছে।
'বিপরীত কালস্রোতে হবো বিপ্লবে আত্মদানের পথিকৃত' এ স্লোগানে এবার তাদের সম্মেলন পালন করছে সংগঠনটি।
বুধবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয়।
সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন কমরেড জসীম উদ্দীন মন্ডল। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গোলাম কিবরিয়া শাহীন সভাপতিত্ব করেন। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ।
কমরেড জসীম উদ্দীন মন্ডল বলেন, "গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কখনও গরীবদের কোন ধরনের উন্নতি হবে না। এতে তারা গরীব থেকে ফকির হবে আর ধনীরা হবে আরও সম্পদশালী। এই বৈষম্য দূর করতে প্রয়োজন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা।"
তিনি সমাজতান্ত্রিক আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান। কমরেড জসীম উদ্দীন আরো বলেন, স্বাধীনতার ৩৮ বছর পার হলেও যুদ্ধাপরাধীদের বিচার হয়নি, তবে এ বিচার এদেশের মাটিতেই করা হবে।
ইসলামের নামে রাজনীতি করে কিছু লোক নিজেদের উন্নয়ন করছে মন্তব্য করে তিনি এদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন।
প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, "জাতীয় সম্পদ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এগিয়ে আসতে হবে।"
বাংলাদেশের ওপর বহুজাতিক কোম্পানিগুলো যে 'আগ্রাসী থাবা বিস্তার করেছে' তা রোধ করতে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম 'বহুধাবিভিক্ত' শিক্ষাব্যবস্থা বিলুপ্ত করে একমুখী, বিজ্ঞানভিত্তিক ও সেক্যুলার শিক্ষা ব্যবস্থা চালু করার দাবি করেন। 'আইএমএফ আর বিশ্বব্যাংকের পরামর্শে' ইউজিসির জারি করা ২০ বছরের কৌশলপত্র অবিলম্বে বাতিল করে অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা এবং ছাত্র রাজনীতির 'গুণগত পরিবর্তন' আনতে অবিলম্বে ডাকসুসহ দেশের সব ছাত্র সংসদ চালু করার দাবি জানান তিনি।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাবেক সভাপতি সামসুল আলম সজ্জন, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেব, শিল্পী সব্যসাচী হাজরা, মীর মোশারফ হোসেন ও মেহেদী বানু মিতা প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়।
বৃহস্পতিবার টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সংগঠনের ওই শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১০১ঘ.
bdnews24