ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--একদিনের ব্যবধানে মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসায় পাঠদানের নতুন সময়সূচিতে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার জারি করা নতুন বিবৃতিতে বলা হয় মহানগরগুলো ছাড়া অন্যান্য এলাকায় যেসব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল ও কলেজ) ও সমমানের মাদ্রাসায় একটি শিফট রয়েছে সে সব বিদ্যালয়ে পাঠদানের সময়সূচি হবে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত।
এতে বলা হয়, যেসব স্কুলে দু'টি শিফট রয়েছে সেসব স্কুলের ক্ষেত্রে পাঠদানের সময় হবে ন্যুনতম পাঁচ ঘন্টা। স্কুল পরিচালনা কমিটি পরিস্থিতি বিবেচনা করে উভয় শিফট শুরুর সময় নির্ধারণ করবে। তবে প্রভাতী শিফটের ক্লাস অবশ্যই সকাল আটটায় শুরু করতে হবে।
মহানগর এলাকায় বর্তমান সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে এতে বলা হয়।
বর্তমানে ঢাকার দুই শিফটের স্কুলে প্রভাতী শিফটের ক্লাস শুরু হয় সকাল সাতটায়। শেষ হয় দুপুর ১২টায়। দ্বিতীয় শিফট সোয়া ১২টায় শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়।
নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
রোববারই শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ঢাকা মহানগর ছাড়া সারা দেশের একক শিফটের মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসায় পাঠদানের সময়সূচি হবে ন্যুনতম ছয় ঘন্টা। ক্লাস শুরু করতে হবে সকাল দশটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিআর/এসকে/২৩৪৩ঘ.
bdnews24