ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চাঁদার দাবিতে অপহৃত এক ব্যক্তিকে বৃহস্পতিবার ঢাকা কলেজের ছাত্রাবাস থেকে উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের অভিযোগে পুলিশ দু'জন ছাত্রকে গ্রেপ্তার করেছে।
কলেজের কয়েকজন ছাত্র গ্রেপ্তার বশিরউদ্দীন জুয়েল ও সাইদুল ইসলাম মুন্না ছাত্রলীগের কর্মী বলে জানালেও পুলিশ তা অস্বীকার করেছে।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুন্না, জুয়েল ও তাদের অন্য সহযোগীরা গত ৭ এপ্রিল বসুন্ধরা সিটির সামনে থেকে আব্দুল কাইয়ুম নামে ওই ব্যক্তিকে জোর করে একটি সিএনজিতে তুলে অপহরণ করে। তাকে ঢাকা কলেজের ছাত্রাবাসের ১১৭ নম্বর কক্ষে আটকে রেখে মারধর করে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
কাইয়ুম বাড়িতে ফোন করে মুক্তিপণের দাবির কথা জানালে বৃহস্পতিবার তার ভাই ওই টাকাসহ ঢাকায় এসে নিউমার্কেট থানাকে বিষয়টি জানান। অপহরণকারীদের সঙ্গে আলোচনা করে অপহৃতের ভাই বৃহস্পতিবার বিকেলে ইডেন কলেজের সামনে দাঁড়ান। সেখানে অপহরণকারী মুন্না টাকা নিতে এলে তাকে গ্রেপ্তার করে ফাঁদ পেতে থাকা পুলিশ। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী ছাত্রাবাসের ১১৭ নম্বর কক্ষ থেকে আব্দুল কাইয়ুমকে উদ্ধার ও জুয়েলকে গ্রেপ্তার করে ধানমণ্ডি থানা পুলিশ।
রাতে এ প্রতিবেদন লেখার সময় অপহৃতের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছিলেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আব্দুল কাইয়ুম পুলিশকে জানিয়েছেন চাকরি খুঁজতে ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি ঢাকায় এসেছিলেন। কৌতুহলবশত পুড়ে যাওয়া বসুন্ধরা সিটি দেখতে গেলে কাছাকাছি একটি আসবাবপত্রের দোকানের পাশ থেকে তাকে জোর করে একটি সিএনজিতে টেনে তোলে কয়েকজন।
অপহরণের অভিযোগে গ্রেপ্তারকৃত ছাত্ররা রাজনীতির সঙ্গে জড়িত কী না জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এরা কোনও রাজনীতি করে না। তারা পেশাদার চাঁদাবাজ। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে ঢাকা কলেজের একাধিক ছাত্র এ প্রতিবেদককে জানিয়েছেন এরা দু'জনই ছাত্রলীগের কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১৫৮ঘ.
bdnews24